আজকাল ওয়েবডেস্ক: তিলক বর্মা চোট সারিয়ে বিশ্বকাপে নেমে পড়েছেন। অন্যদিকে হর্ষিত রানা চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। আমেরিকা ম্যাচের আগে থেকেই খবর, আর এক অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে চিন্তা অনেকটাই কমেছে ভারতীয় শিবিরের। তিনি দ্রুত যোগ দিচ্ছেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে। কবে তিনি যোগ দেবেন, সেই দিনক্ষণ জানিয়ে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব।
তিনি নিশ্চিত করে জানান, নয়া দিল্লিতে নামিবিয়া ম্যাচের আগেই ওয়াশিংটন সুন্দর যোগ দেবেন ভারতীয় দলের স্কোয়াডে।
সূর্য বলেন, ''ওয়াশি আমাদের সঙ্গে দিল্লিতে যোগ দিচ্ছে। ও ভাল আছে। আবহাওয়ার জন্য বুমরার খুব জ্বর উঠেছিল। বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।''
ভারতীয় অফস্পিনার–অলরাউন্ডার বর্তমানে বেঙ্গালুরুতে রয়েছেন। ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সলেন্সে ট্রেনিং করছেন। সেখানে ব্যাটিং–বোলিং শুরু করে দিয়েছেন ওয়াশিংটন। পুরো ফিট হয়ে যাওয়ার কেবল অপেক্ষা। তবে দ্বিতীয় ম্যাচেই তিনি নেমে পড়বেন কিনা, তা জানাননি সূর্য।
এদিকে আমেরিকাকে নিকেশ করে সূর্য বলেছেন, ''আমি সবসময়ে মনে করি ব্যাটারকে ষে। পর্যন্ত টিকে থাকতে হয়। কখনওই মনে হয়নি এই উইকেটে ১৮০-১৯০ রান হবে। মনে হয়েছিল ১৪০-এর কাছাকাছি রান হবে। গৌতি ভাই ১৪ ওভারের পরে ব্রেকে আমাকে একই কথা বলেন। গৌতি ভাই বলেছিলেন, শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করে যাও। যে কোনও মুহূর্তে রান তুলে দিতে পারবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল বোম্বেতে আমি প্রচুর ক্রিকেট খেলেছি এই উইকেটে। এই ধরনের উইকেটে কীভাবে ব্যাট করতে হয়, তা আমার জানা।''
ভারতের পরের ম্যাচ নামিবিয়ার সঙ্গে। মুম্বইয়ের ভুল শুধরে দিল্লিতে ভারত যে অন্য মেজাজে ধরা দেবে তা বলাই বাহুল্য।
