আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গল প্রো টি-২০ লিগের ফাইনালে মালদার মুখোমুখি হবে মুর্শিদাবাদ। বুধবার ইডেনে দ্বিতীয় সেমিফাইনালে রশ্মি মেদিনীপুর উইজার্ডসকে ৫ উইকেটে হারাল মুর্শিদাবাদ কিংস। লক্ষ্মীরতন শুক্লাদের তারকাখচিত দলের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচে রুদ্ধশ্বাস জয় মুর্শিদাবাদের। ৭ বল বাকি থাকতে জয়ে পৌঁছে যায় তাঁরা। টসে জিতে মেদিনীপুরকে ব্যাট করতে পাঠায় মুর্শিদাবাদ। নির্ধারিত ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তোলেন ঋদ্ধিমানরা। দলের সর্বোচ্চ রান প্রিয়াংশু শ্রীবাস্তবের। ৪৪ রান করেন তিনি। মন্থর ব্যাটিংয়ে ৩২ রান করেন ঋদ্ধি। জোড়া উইকেট নেন সুখমীত সিং। জবাবে ১৮.৫ ওভারে জয়সূচক রানে পৌঁছে যায় মুর্শিদাবাদ। ৪১ বলে ৪৫ রান করে দলকে জেতান কৌশিক ঘোষ। ম্যাচের সেরাও তিনি। দ্বিতীয় সেমিফাইনাল দেখতে ইডেনে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি। ছিলেন অভিষেক ডালমিয়াও। ভারত-ইংল্যান্ড ম্যাচ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি সৌরভ। ভারতের প্রাক্তন অধিনায়ক শুধু জানান, সেমিফাইনালে ফেভারিট হিসেবেই নামবেন রোহিতরা।