আজকাল ওয়েবডেস্ক:‌ এখনও কলকাতাতেই আটকে ওয়েস্ট ইন্ডিজ দল। আটকে রয়েছে দক্ষিণ আফ্রিকাও। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে আন্তর্জাতিক বিমান পরিষেবার একটা বড় অংশই বিপর্যস্ত। ক্যারিবিয়ানরা তো সেই সোমবার থেকে আটকে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের হতাশা বেশি। কারণ চার্টার্ড বিমান জোগাড় হওয়ার পরেও ওড়ার অনুমতি পাওয়া যাচ্ছে না। হতাশ হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে সাহায্যের আর্তি জানিয়েছেন ক্যারিবিয়ান ক্রিকেটার আকিল হোসেন!


সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ, দুই দলেরই যাওয়ার বিষয়টা এখনও চূড়ান্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার চার জন ক্রিকেটার শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারে। 


ওয়েস্ট ইন্ডিজের জন্য চার্টার্ড বিমান আয়োজন করা হলেও তা এখনও কলকাতা বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার অনুমতি পায়নি। কবে পাবে তা–ও স্পষ্ট নয়। ফলে কলকাতাতেই অপেক্ষা করতে হচ্ছে গোটা দলকে। এদিকে, ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি–২০ সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই দলে থাকা কয়েক জন ক্রিকেটার দেশে না ফিরে সরাসরি নিউজিল্যান্ডে যেতে পারেন। এই অবস্থায়, হোসেন টুইট করে লিখেছেন, ‘‌এই মুহূর্তে আমি একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই অনুরোধ করতে পারি আমাদের উদ্ধার করার জন্য। আপনার বিমানটি পাঠান ও আমাদের উদ্ধার করুন।’‌ যদিও পরে সেই পোস্ট মুছে দেন হোসেন। 


এদিকে, বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জানিয়েছিল, আইসিসি–র কর্তা, দল পরিচালন সমিতির কর্তা এবং ক্রিকেটারদের সঙ্গে আলোচনার ভিত্তিতে একটি চার্টার্ড বিমানের আয়োজন করা হয়েছে ক্রিকেটারদের দেশে ফেরানোর জন্য। ২৪ ঘণ্টার মধ্যে সেটি ওয়েস্ট ইন্ডিজের দিকে উড়ে যাবে। সেই সময় এখনও আসেনি। ফলে ক্রিকেটারেরা বেশ হতাশ। অনেককেই কিছুদিন পর ভারতে ফিরতে হবে আইপিএল খেলতে। তার আগে ছুটি কাটানোর সময়ও হারাচ্ছেন তাঁরা।