আজকাল ওয়েবডেস্ক:‌ ওয়াংখেড়েতে শেষ ওভারে জিততে ইংল্যান্ডের দরকার ছিল ৩০। সূর্য বল তুলে দিয়েছিলেন শিবম দুবের হাতে। দুবে ওই ওভারে ২২ রান দেন। ভারত ম্যাচ জেতে ৭ রানে।


ম্যাচে কিন্তু ওই ওভারের আগে বলও করেননি দুবে। সেই দুবেকেই শেষ ওভারে ডাকেন সূর্য। ফলে শেষ ওভার করার আগে ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তাঁর কী মনে হয়েছিল, সে কথা নিজেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার।


ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ভিডিওতে শিবম জানিয়েছেন, ভয় পেলেও নিজের উপর বিশ্বাস হারাননি তিনি। শিবম বলেন, ‘‌ততক্ষণে ঠিক হয়ে গিয়েছিল যে, শেষ ওভারে আমাকে বল করতে হবে। ভয়ে কাঁপছিলাম। কারণ, ম্যাচে তার আগে বল করিনি। কিন্তু পাশাপাশি নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। জানতাম, ৩০ রান আটকাতে পারব।’‌


তখন শতরান করে খেলছিলেন জেকব বেথেল। প্রথম দু’বলে যদি চার–ছক্কা তিনি মেরে দিতেন তাহলে খেলার ফল যে কোনও দিকে যেতে পারত। সেটা জানতেন শিবম। সেভাবেই পরিকল্পনা করেছিলেন তিনি। শিবম বলেন, ‘‌বেথেল শতরান করে খেলছিল। তাই জানতাম, বল করা সহজ হবে না। নিজেকে বুঝিয়েছিলাম, ভাল জায়গায় বল করতে হবে। আমি চেয়েছিলাম, প্রথম দুটো বল ভাল করতে। পুরো মনোযোগ প্রথম দুই বলের উপর ছিল। জানতাম, দুটো বলে রান না হলে ওরা চাপে পড়ে যাবে। সেটাই হয়েছে।’‌ 


ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ২৩ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন শিবম। তারপর শেষ ওভার বল করেন তিনি। দলের জয়ে ভূমিকা নিতে চেয়েছিলেন তিনি। শিবম বলেন, ‘‌সেমিফাইনালের মতো খেলায় দলের জয়ে যদি আপনার ১০ শতাংশ অবদানও থাকে, সেটাই অনেক। আমি সেটাই করতে চেয়েছিলাম। করতে পেরেছি।’‌


শিবমের প্রথম বল সামনের দিকে মেরে দু’রান নেওয়ার চেষ্টা করেন বেথেল। কিন্তু হার্দিক পাণ্ডিয়ার থ্রোয়ে রান আউট হন তিনি। পরের দুই বলেও দু’টি সিঙ্গল আসে। সেখানেই খেলা ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যায়। পরে একটি ওয়াইড করেন শিবম। তাঁর শেষ তিনটি বলে তিনটি ছক্কা মারেন জোফ্রা আর্চার। ততক্ষণে খেলা ভারতের হাতে।