আজকাল ওয়েবডেস্ক:‌ হোয়াইট হাউসে গেলেন মেসি। দেখা হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। 


প্রসঙ্গত, আমেরিকার ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এই প্রথম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করতে গেলেন লিওনেল মেসি। এমএলএস কাপ জেতার সুবাদে ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে। সেখানে ছিলেন মেসিও। তাঁর সামনেই ট্রাম্প জানালেন, মেসি যে হোয়াইট হাউসে আসছেন সে কথা তিনি জানতেনই না!


অনুষ্ঠানে মেসি অবশ্য কোনও কথা বলেননি। তবে তাঁর সামনে ট্রাম্প প্রায় ২৫ মিনিট ভাষণ দেন। বলেন, ‘‌আমরা সত্যিকারের প্রতিভাবানদের সম্মানিত করছি। অতীতে আমেরিকার কোনও প্রেসিডেন্ট যে কথা উচ্চারণ করতে পারেনি সেকথাই আমি বলছি, হোয়াইট হাউসে তোমায় স্বাগত লিওনেল মেসি।’‌


ছেলে ব্যারনের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‌আমাকে ছেলে বলছিল, ‘বাবা, হোয়াইট হাউসে কে আসছে জানো’? আমি বলেছিলাম, ‘না তো। আসলে আমি তো অন্য কাজে খুব ব্যস্ত’। তখন ও বলল, ‘মেসি আসছে’।’‌


এ কথা শুনে মেসি এবং বাকিরা সকলেই হেসে ওঠেন। ট্রাম্প আরও বলেন, ‘‌ও তোমার খুব বড় সমর্থক। ও মনে করে তুমি একজন দারুণ মানুষ। মনে হয় কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে ওর দেখা হয়েছে। আসলে ও ফুটবলের সমর্থক। তার চেয়েও বেশি করে তোমার সমর্থক। তাছাড়া রোনাল্ডো নামের একজন ভদ্রলোকও রয়েছে। ক্রিশ্চিয়ানো দারুণ মানুষ। তুমিও দারুণ মানুষ।’‌ এটা ঘটনা, সম্প্রতি সৌদি আরব সরকারের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসে এসে ট্রাম্পের সঙ্গে দেখা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


মেসির প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, ‘‌লিও, তুমি এসেছো এবং জিতেছো। এই কাজ করা খুবই কঠিন। বাকিরা যতটা জানে, তার চেয়েও বেশি চাপ তোমার উপরে থাকে। কারণ তুমি সব সময়ে জিতবে এটাই লোকে চায়। কিন্তু কেউই সব সময় জিততে পারে না। তুমি বিশ্বের যে কোনও জায়গায় যেতে পারতে। যে কোনও দলে খেলতে পারতে। তা–ও মায়ামিকে বেছে নিয়েছো। আমি দোষ দিচ্ছি না। ওখানকার আবহাওয়া খুব সুন্দর।’‌ 


বৃহস্পতিবার রাতের অনুষ্ঠানে উঠে আসে পেলের প্রসঙ্গও। নিউ ইয়র্ক কসমসের হয়ে পেলের খেলার প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, ‘‌তুমি বোধহয় পেলের চেয়েও ভাল।’‌ উপস্থিত বাকিরাও এই কথায় সায় দেন।