আজকাল ওয়েবডেস্ক: ওয়াংখেড়েতে ভারতের মুখোমুখি ইংল্যান্ড। সেমিফাইনালের পারদ চড়তে শুরু করে দিয়েছে। গতকাল অর্থাৎ বুধবার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনাল জিতে নিউজিল্যান্ড পৌঁছে গিয়েছে ফাইনালে। আহমেদাবাদে কিউয়িদের সামনে কে, তা জানা যাবে আজ রাতে।
ভারত-ইংল্যান্ড ম্যাচের বল গড়ানোর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক ইংল্যান্ডের দুই প্রাক্তন ক্রিকেটারকে 'ফসিল' বলে উল্লেখ করেছেন।
মাইকেল আথারটন ও নাসের হুসেন ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় নিয়ে কটাক্ষ করেছিলেন। তাঁরা বলেছিলেন, টুর্নামেন্ট চলাকালীন ভারত অন্যায় সুবিধা গ্রহণ করেছে। ভারত সরকার ভারতীয় দলকে পাকিস্তান যাওয়ার নির্দেশ দেয়নি।
দীনেশ কার্তিক দুই প্রাক্তন ইংরেজ অধিনায়ককে পুরনো কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, চলতি বিশ্বকাপে পাকিস্তানও একই সুবিধা পেয়েছিল। তারা ভারতের মাটিতে খেলতে যায়নি। তার পরিবর্তে শ্রীলঙ্কার মাটিতে তারা খেলেছিল। তবুও পাকিস্তান কিন্তু হতশ্রী ভাবে মেগা টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। কার্তিক বলেছেন, ''আমি চেয়েছিলাম শ্রীলঙ্কা ও পাকিস্তান ভাল করুক। হোম কন্ডিশনের সুবিধা পাবে শ্রীলঙ্কা আর ওরা বড় টুর্নামেন্টে ভাল খেলে। কিন্তু শ্রীলঙ্কা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। পাকিস্তান ধারাবাহিক ভাবে কলম্বোতে খেলছিল। একই হোটেলে ছিল, পিচের সম্পর্কে ওদের জ্ঞান ভাল ছিল। আর তোমরা দুই ফসিল ভেবেছিলে এই কারণে ভারত বুঝি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে।''
কার্তিক বলছেন, একই কারণে পাকিস্তানেরও চলতি বিশ্বকাপে ভাল করা উচিত ছিল। খুব পরিষ্কার ভাবে এক দলের জন্য বিষয়টা খেটে গিয়েছে। অন্য দলের জন্য তা খাটেনি। কারণ দক্ষতার অভাব।
