আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে ভোট আর বেশি দেরি নেই। ঠিক তার মুখেই, পদত্যাগ করলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর পদত্যাগের সিদ্ধান্তের কথা জানা গেলেও, এখনও পর্যন্ত কারণ স্পষ্ট নয়। 

একাধিক বিষয়ে জল্পনা ছড়িয়েছে কয়েক মিনিটেই। সেসবের  মাঝেই নজর ছিল বাংলার মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার দিকে। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মমতা ব্যানার্জি। জানিয়েছেন, ঘটনায় তিনি হতবাক এবং উদ্বিগ্ন। টুইটের শুরুতেই মুখ্যমন্ত্রী লিখেছেন, 'পশ্চিমবঙ্গের রাজ্যপাল শ্রী সি. ভি. আনন্দ বোসের আকস্মিক পদত্যাগের খবরে আমি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন।' 

?s=48

একইসঙ্গে তিনি লিখেছেন, 'এই মুহূর্তে তাঁর পদত্যাগের কারণ আমার জানা নেই। তবে, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কিছু রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন, তবে আমি অবাক হব না।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে, শ্রী আর. এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। তিনি এই বিষয়ে রীতি অনুসারে কখনও আমার সঙ্গে পরামর্শ করেননি।' 

 

মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, 'এই ধরনের পদক্ষেপ ভারতের সংবিধানের চেতনাকে ক্ষুণ্ন করে এবং আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত করে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলিকে সম্মান জানাতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলির মর্যাদা নষ্ট করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে।' 

 

সি ভি আনন্দ বোস। ২০২২ সালের ১৭ নভেম্বর তিনি মনোনীত হয়েছিলেন বাংলার রাজ্যপাল হিসেবে। দীর্ঘ সময় এই পদে থাকলেও, একাধিকবার রাজ্য সরকারের সঙ্গে নানা বিষয়ে তাঁর মতভেদ সামনে এসেছে। তৃণমূল সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে কড়া সমালোচনা করেছেন। সমালোচনা করেছেন সরকারের নানা নীতি নিয়েও। আবার নানা সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময়ের ছবিও ফুটে উঠেছে।

 

এই প্রসঙ্গে উল্লেখ্য, বাংলার রাজ্যপাল হিসেবে তাঁর মেয়াদ শেষ হতে এখনও সময় বাকি বেশ কিছুটা। মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। তার আগেই আচমকা এই সিদ্ধান্তে জোর জল্পনা রাজনৈতিক মহলে। 

 

সূত্রের খবর, বাংলার রাজ্যপাল, দিল্লিতেই রাষ্ট্রপতি ভবনে তাঁর  পদত্যাগপত্র পাঠিয়ে দেন। তবে ঠিক কী কারণ তা স্পষ্ট হয়নি এখনও।