আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গলের ডাগ আউটে থাকছেন অস্কার ব্রুজোঁ। শনিবার ভোরে তিনি শহর কলকাতায় পৌঁছেছেন। সন্ধ্যাতেই ডার্বিতে ইস্টবেঙ্গলের রিমোট কন্ট্রোল হাতে তাঁর।
ডার্বির দিন শহরে পৌঁছেই কোচের দায়িত্ব নিয়ে নেমে পড়ার দৃষ্টান্ত কলকাতা ফুটবলে বিশেষ নেই।
লাল-হলুদের কোচ হয়ে কার্লেস কুয়াদ্রাত যেদিন কলকাতা বিমানবন্দরে পা রাখেন, সেদিন সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। অস্কারকে অভ্যর্থনা করার জন্য এদিন বিমানবন্দরে সেই ঢল দেখা যায়নি।
স্পেন থেকে তিনিই ডার্বিতে ইস্টবেঙ্গলের জন্য কৌশল ঠিক করে দিয়েছেন। অস্কারের কৌশল মতো অনুশীলন করিয়েছেন বিনু জর্জ।
খুব কঠিন সময়ে ইস্টবেঙ্গলের হাল ধরার জন্য এলেন অস্কার ব্রুজোঁ। টানা চার ম্যাচ হেরে ইস্টবেঙ্গল খেলতে নামছে ডার্বি। এই ম্যাচ সবসময়েরই চাপের। নবাগত অস্কার ব্রুজোঁ কী করেন, সেটাই দেখার।
এদিকে অস্কারের কলকাতায় আগমনের ছবি ইস্টবেঙ্গল ক্লাবের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে সমর্থকদের একাংশ লিখেছিলেন, ''আজ এয়ারপোর্ট ফাঁকা। সাফল্য এনে দিন। এই এয়ারপোর্টে একদিন আপনাকে ওয়েলকাম করার জন্য শুধু মাথা ছাড়া আর কিছু দেখা যাবে না। আপনি সাফল্য এনে দিন।'' মাঠে বল গড়ানোর আগে অস্কার বললেন, ''আমরা মোহনবাগানকে বেগ দেব। সকালে এসে ভাল করে একটা ঘুম দিয়েছি। ছেলেদের বলেছি, একদম আবেগ দেখাবে না, প্রত্যেককে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া আছে। দায়িত্ব নিয়ে খেলতে হবে সবাইকে।''
অস্কার যদি প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে জয় এনে দিতে পারেন, তাহলে প্রথম দিনই তিনি ভক্তদের মন জিতে নিতে পারবেন। এদিকে ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপের সময়ে মোহনবাগান সমর্থকদের প্রবল কটাক্ষের সম্মুখীন হতে হল আনোয়ার আলিকে। সব মিলিয়ে তৈরি আইএসএলের প্রথম ডার্বির মঞ্চ। একদিকে নজরে অস্কার, অন্য দিকে আনোয়ার।
