আজকাল ওয়েবডেস্ক:‌ সেমিফাইনালে লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলেন এই ব্যাডমিন্টন তারকা। আর দু’টি ম্যাচ জিতলেই প্রকাশ পাডুকোন এবং পুল্লেলা গোপীচাঁদের পর তৃতীয় ভারতীয় হিসাবে এই খেতাব জিতবেন বাঙালি লক্ষ‍্য।


বার্মিংহামে শুক্রবার পুরুষ সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে চীনের লি শিফেংকে সরাসরি গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছন লক্ষ্য। মাত্র ৪৫ মিনিটের ম্যাচ জিতে যান। বিশ্বের ৬ নম্বর শিফেংকে ২১–১৩, ২১–১৬ ব্যবধানে কার্যত উড়িয়ে দেন ১২ নম্বর এই ভারতীয়। এই টুর্নামেন্টে এটি লক্ষ্যের তৃতীয় সেমিফাইনাল।


ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি কানাডার ভিক্টর লাই এবং জাপানের কোকি ওয়াতানাবের মধ্যে বিজয়ীর মুখোমুখি হবেন। এই টুর্নামেন্টে লক্ষ‍্যের রেকর্ড ভাল। ২০২২ সালে তিনি রানার্স হয়েছিলেন। ফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছিলেন। ২০২৪ সালে সেমিফাইনালে জোনাথন ক্রিস্টির কাছে তিনি হারেন।


এটা ঘটনা, ম্যাচে প্রথম র‌্যা থেকেই লক্ষ্য ছিলেন আক্রমণাত্মক। নিখুঁত স্ম্যাশ এবং প্লেসমেন্টের মাধ্যমে তিনি ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখেন। শুধু আক্রমণ নয়, লক্ষ্যের রক্ষণও ছিল দেখার মতো। তাঁর চমৎকার ব্যাকহ্যান্ড ড্রপগুলো খেলায় বাড়তি মাত্রা যোগ করেছিল।


প্রথম গেমে লক্ষ্য দ্রুত ৯–৪ ব্যবধানে এগিয়ে যান এবং শিফেংকে থিতু হওয়ার কোনও সুযোগই দেননি। দ্বিতীয় গেমে কিছুটা লড়াই হলেও শেষ মুহূর্তে মাথা ঠান্ডা রেখে ২১–১৬ ব্যবধানে গেম ও ম্যাচ জিতে নেন তিনি।


শিফেংয়ের কাছে টানা তিন হারের পর এই ম্যাচে জিতলেন লক্ষ‍্য। এর আগে তিনি হংকংয়ের এনজি কা লং আঙ্গাস এবং চীনের শি ইউকির বিরুদ্ধেও টানা হারের পর এবারের প্রতিযোগিতায় জিতেছেন।