আজকাল ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডের কাছে হেরে ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। সামনেই রয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। হোয়াইটওয়াশের পরেও অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজলউড রোহিত শর্মাদের দল নিয়ে বেশ সতর্ক। ভারতীয় দল ২৪ বছর পর ৩-০ ব্যবধানে হেরেছে। যা সাম্প্রতিককালের ইতিহাসে প্রথম ঘরোয়া সিরিজে পরাজয়।

 

 

দলের অবস্থান এখন এমন জায়গায় যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আদৌ জায়গা মিলবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের একদিনের সিরিজ চলাকালীন হ্যাজলউড জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের কারণে ভারতের আত্মবিশ্বাস হয়তো কমে গিয়েছে। তবে অভিজ্ঞতার কারণে ভারত আরও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে। কখনোই ছোট করে দেখা যাবে না। যে কোনও সময় ঘুমন্ত দৈত্য জেগে উঠতে পারে। আমাদের সঙ্গে সিরিজ চলাকালীনই হয়তো দেখতে পাব। 

 

 

বর্তমান দলের অনেকেই অস্ট্রেলিয়ায় খেলেনি এখনও। তারাও ভাল কিছু করতে পারে’। ভারতে গিয়ে সিরিজ জেতার পর নিউজিল্যান্ডকেও অভিনন্দন জানিয়েছেন অজি পেস বোলার। তাঁর মতে, অস্ট্রেলিয়ার দৃষ্টিকোণ থেকে এটি চমৎকার ফলাফল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে এই ফল অজিদেরই সাহায্য করছে। উল্লেখ্য, ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড বর্তমানে এই পাঁচটি দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম দুটি স্থানের জন্য লড়াইয়ে টিকে রয়েছে।