আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের শুরু থেকেই দেখা যাচ্ছে খেলোয়াড়দের পায়ে গোলাপি রঙের জুতো। সবার মনেই প্রশ্ন, বিশ্বকাপজুড়ে হঠাৎ করে কেন এত গোলাপি বুটের ছড়াছড়ি?
বিশ্ব ফুটবলের শীর্ষ সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো এবারের বিশ্বকাপ উপলক্ষে বিশেষ সংস্করণের গোলাপি বুট বাজারে এনেছে। নাইকি, অ্যাডিডাস, পুমা, নিউ ব্যালান্স ও স্কেচার্স, প্রায় সব বড় ব্র্যান্ডই উজ্জ্বল গোলাপি রঙকে প্রাধান্য দেওয়ায় টুর্নামেন্টের শুরু থেকেই মাঠে দেখা যাচ্ছে গোলাপি জুতো।
নাইকির গ্লোবাল ফুটবল ফুটওয়্যার টিমের কর্মকর্তা ওডিঙ্গা নিমাকো জানিয়েছেন, খেলোয়াড় ও গ্রাহকদের চাহিদার কারণেই গোলাপি রংকে বেছে নেওয়া হয়েছে।
তাঁর মতে, বড় মঞ্চে উজ্জ্বল রং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। খেলোয়াড় ও উপভোক্তাদের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতেই এমন একটি রং খোঁজা হয়েছে।
নিমাকো বলেন, গোলাপি এমন একটি রং যা সহজেই দৃষ্টি আকর্ষণ করে এবং একই সঙ্গে একটি বার্তাও বহন করে। অনেক খেলোয়াড় মনে করেন, এত উজ্জ্বল রংয়ের বুট পরতে হলে মাঠের পারফরম্যান্সও সেই মানের হতে হয়।
নাইকির এই কর্মকর্তা বলেন, এবারের বিশ্বকাপে তাদের লক্ষ্য ছিল বুটকে জার্সি থেকে আলাদা করে তুলে ধরা। অতীতে অনেক সময় বুটের রং জার্সির সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হলেও এবার বিশ্বকাপের মতো বড় আসরের গুরুত্ব বিবেচনায় বুটগুলোকে আরও বেশি চোখে পড়ার মতো করে ডিজাইন করা হয়েছে।
তবে গোলাপি বুটের এই স্রোতের মধ্যেও কিছু ব্যতিক্রমও রয়েছে।















