আজকাল ওয়েবডেস্ক: এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ৩-১ এ সিরিজ পকেটে পুরলেন সূর্যকুমার যাদবরা। শুক্রবার পুনেতে ১৫ রানে জেতে ভারত। এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৮১ তোলে ভারত। তার জবাবে ১৬৬ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। দুই স্পেলেই শেষ হয়ে যায় জস বাটলারদের স্বপ্ন। শুরুটা করেন রবি বিষ্ণোই। শেষটা হর্ষিত রানার। দু'জনেই তিনটে করে উইকেট নেন। শুরুটা ভাল করেও মাত্র ৫ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় ইংল্যান্ড। শেষদিকে ১৭ রানে ৪ উইকেট হারায় বাটলাররা। কনকাশন সাবস্টিটিউট হিসেবে এই ম্যাচে অভিষেক হয় হর্ষিত রানার। শিবম দুবের জায়গায় নামেন। অভিষেকেই চমক। ৩৩ রানে ৩ উইকেট তুলে নেন। বুঝিয়ে দিলেন কেন তাঁর ওপর ভরসা রাখেন গৌতম গম্ভীর। মাঝে চাপে পড়লেও কেকেআরের দুই বোলারের দাপটে শেষপর্যন্ত ম্যাচ বের করে নেয় ভারত। জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী। ব্যাট হাতে সফল শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। দু'জনেই অর্ধশতরান করেন। টানা ১৭ নম্বর সিরিজ জয় ভারতের। ঘরের মাঠে সূর্যদের হারানো একপ্রকার অসম্ভব।
টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। মাত্র ১২ রানে ৩ উইকেট হারায়। বাজে শট খেলে আউট হন সঞ্জু স্যামসন, তিলক বর্মা এবং সূর্যকুমার যাদব। পরের দু'জন শূন্যতে ফেরেন। ১ রান করেন সঞ্জু। সূর্যর খারাপ ফর্ম অব্যাহত। মাঝের কিছুটা সময় সামাল দেন অভিষেক শর্মা (২৯) এবং রিঙ্কু সিং (৩০)। তবে ভারতকে ম্যাচে ফেরান শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। দু'জনেই অর্ধশতরান করেন। ৩৪ বলে ৫৩ করেন শিবম। ৩০ বলে ৫৩ করেন হার্দিক। এদের কাঁধে ভর করেই লড়াই করার মতো রানে পৌঁছয় ভারত। রান তাড়া করতে নেমে শুরুটা ভাল করে ইংল্যান্ড। প্রথম উইকেটে ৬২ রান যোগ করে ফিল সল্ট এবং বেন ডাকেটের ওপেনিং জুটি। তারপরই প্রথম ধাক্কা ইংল্যান্ডের। পরপর তিন উইকেট হারায়। ফিরে যান বেন ডাকেট (৩৯), ফিল সল্ট (২৩) এবং জস বাটলার (২)। একা লড়াই করেন হ্যারি ব্রুক। ২৬ বলে ৫১ রান করে তিনি আউট হওয়ার পরই জয়ের আশা কার্যত শেষ হয়ে যায় ইংল্যান্ডের। শেষদিকে চেষ্টা করেন জ্যামি ওভার্টান। কিন্তু লাভ হয়নি। তিনটে করে উইকেট নেন রবি বিষ্ণোই এবং হর্ষিত রানা। জোড়া উইকেট বরুণ চক্রবর্তীর।
















