আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবার ছোটদের বিশ্বকাপ জিতল ভারত। আর তারই পুরস্কার বাবদ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে বৈভবদের সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সংবাদসংস্থা এএনআইকে বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া বলেছেন, ‘গোটা দেশ ও বিসিসিআই গর্বিত। অনূর্ধ্ব–১৯ দল আবার বিশ্বকাপ জিতল। যেভাবে আমাদের দল ইংল্যান্ডকে হারাল ও গোটা টুর্নামেন্টে অপরাজিত ছিল তা এককথায় অসাধারণ। বোর্ড গোটা দলকে সাড়ে সাত কোটি টাকা আর্থিক পুরস্কার দেবে।’
শুক্রবারই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনূর্ধ্ব–১৯ ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি বলেছিলেন, ‘ভারতের তরুণ প্রতিভারা উঠে আসছে। ক্রিকেটে। ছোটদের কৃতিত্বে গর্বিত। গোটা টুর্নামেন্টে দল ভাল খেলেছে। দেশের তরুণদের ওরা অনুপ্রাণিত করল। আগামীদিনের জন্য রইল শুভেচ্ছা।’
প্রসঙ্গত, বড়দের বিশ্বকাপ শুরুর আগেই বাজিমাত করে গেল ছোটরা। হারারেতে ইংল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জয় ভারতের। ঐতিহাসিক ১০০ রানে জয় আয়ুশ মাত্রেদের। ষষ্ঠবার জুনিয়রদের বিশ্বকাপ জিতল ভারত। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ ফাইনালে সবচেয়ে বড় রানে জয়ের রেকর্ড। স্বপ্নের জয়ের ভীত গড়ে দেন বৈভব সূর্যবংশী। ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রানের ইনিংস খেলেন ১৪ বছরের বিস্ময় বালক। ৪১২ রান তাড়া করতে নেমে ৪০.২ ওভারে ৩১১ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। বৈভব সূর্যবংশীর দুরন্ত ১৭৫ রানে ভর করে নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেটে ৪১১ রান করে ভারত। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের নক আউট ম্যাচে ভারতের এই বিশাল রান সর্বোচ্চ। ২০১৬ সালে নিজেদের রেকর্ড ছাপিয়ে যায়। রান তাড়া করতে নেমে টক্কর দিতে পারেনি ইংল্যান্ড। একটা সময় পর্যন্ত কালেব ফ্যালকোনারের কাঁধে ভর করে লড়াই চালায় থ্রি লায়ন্সরা। ৬৭ বলে ১১৫ রান করেন ইংল্যান্ডের ব্যাটার। কিন্তু পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে তাঁর একার শতরান যথেষ্ট ছিল না। বেন ডকিন্স (৬৬) এবং বেন মায়েস (৪৫) ছাড়া ফ্যালকোনারকে কেউ সাহায্য করতে পারেনি।
