আজকাল ওয়েবডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও আল নাসেরের সম্পর্কে কি চিড় ধরল তবে? পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে, তাতে সেরকমই মনে হচ্ছে। শোনা যাচ্ছে, আল নাসের ছাড়তে পারেন রোনাল্ডো। তাঁর পরিবর্তে আল নাসের মাতাতে আসতে পারেন মহম্মদ সালাহ। 
কিন্তু কেন আল নাসের ও রোনাল্ডোর সম্পর্কে এর শৈত্য দেখা দিয়েছে? আল নাসেরের শেষ দু'টি ম্যাচে নামেননি সিআর সেভেন। 

সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) উপরে চটেছেন রোনাল্ডো। এই পিআইএফ সৌদির প্রধান চারটি ক্লাবকে নিয়ন্ত্রণ করে। সূত্রের খবর, রোনাল্ডোর  অভিযোগ, আল নাসরের থেকে আল হিলালের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। 
আল নাসরে রয়েছেন দুই পর্তুগিজ কর্মকর্তা- সিমাও কুটিনহো (স্পোর্টিং ডিরেক্টর) ও হোসে সেমেদো (সিইও)। তাঁরা  থাকলেও তাঁদের ক্ষমতা একপ্রকার কেড়েই নেওয়া হয়েছে।

বোর্ডের এ সিদ্ধান্তে রোনাল্ডো অসন্তুষ্ট। সিআর সেভেনের মনে হয়েছে, আল হিলালের থেকে আল নাসের দলবদলের বাজারে ভীষণ পিছিয়ে। 
করিম বেনজিমা আল ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিয়েছেন। তাতে আরও চটেছেন রোনাল্ডো। আল ইতিহাদের বিরুদ্ধে খেলেননি সিআর সেভেন। এর আগে খেলেননি আল রিয়াদের বিরুদ্ধেও। টানা দু'টি ম্যাচে রোনাল্ডোর অনুপস্থিতি সৌদি ছাড়ার গুঞ্জনকে আরও জোরালো করছে। 

এদিকে রিয়াধের রাস্তায় এখন দেখা যাচ্ছে 'সিআর সেভেন'-এর নিখোঁজ হওয়ার পোস্টার। সেগুলো অবশ্য মজা করেই দেওয়া হয়েছে। 'নিখোঁজ' পোস্টার দিয়েছেন প্রতিপক্ষ দলের সমর্থকরাই।