আজকাল ওয়েবডেস্ক:‌ টিম ইন্ডিয়ায় ফের দেখা যাবে জন রাইট জমানার কোচিং স্টাফকে। টিম ইন্ডিয়ার স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ হলেন আদ্রিয়ান লে রু। এর আগে সৌরভ গাঙ্গুলি–জন রাইট জমানায় ক্রিকেটারদের ফিটনেস বৃদ্ধির দায়িত্ব ছিল আদ্রিয়ানের উপর। 


২০০২ সালের জানুয়ারি থেকে ২০০৩ এর মে পর্যন্ত ভারতীয় দলের দায়িত্ব ছিল আদ্রিয়ানের কাঁধে। ফের আদ্রিয়ানকে ফিরিয়ে আনা হচ্ছে। এবার গম্ভীর–গিল জমানায়। কিছুদিন আগে সোহম দেসাইকে ছেঁটে ফেলেছিল ভারত। সেই জায়গায় আদ্রিয়ানকে নিল বিসিসিআই।


আইপিএলে পাঞ্জাব কিংসের দলে ছিলেন আদ্রিয়ান। ফাইনালে হেরে যায় তাঁর দল। তার পরেই আদ্রিয়ানকে নিয়ে নিল বিসিসিআই। নতুন দায়িত্ব নিয়ে আদ্রিয়ান বলেছেন, ‘‌পাঞ্জাবের সঙ্গে ছ’বছরের সম্পর্ক শেষ হল। এই বছর ফাইনালে উঠেছি। একটুর জন্য জিততে পারিনি। তার জন্য দুঃখ রয়েছে। তবে দারুণ একটা সময় কাটিয়েছি। এবার টিম ইন্ডিয়ায় নতুন ভূমিকায় যোগ দিতে চলেছি। পাঞ্জাব কিংস সঠিক লোকের হাতে আছে। আমি তাতেই খুশি। আবার দেখা হবে।’‌


প্রসঙ্গত, আদ্রিয়ান একজন স্পোর্টস বিজ্ঞানী। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ হিসাবে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। আইপিএলে পাঞ্জাব কিংস ছাড়াও তিনি কলকাতা নাইট রাইডার্সের দায়িত্বে ছিলেন। ২০০৮ থেকে ২০১৯ পর্যন্ত কেকেআরে ছিলেন আদ্রিয়ান। গম্ভীরের নেতৃত্বে সেই সময় দু’বার আইপিএল জিতেছিল নাইট রাইডার্স। 


শীঘ্রই ইংল্যান্ডে টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দেবেন আদ্রিয়ান লে রু।