'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের গল্প জমে উঠেছে যে টিআরপি তালিকা বুঝিয়ে দিচ্ছে। ক্রমাগত বাড়ছে এই ধারাবাহিকের নম্বর, একই সঙ্গে কখনও প্রথম বা কখনও দ্বিতীয় স্থানে থাকছে এই ধারাবাহিক। এবার গল্পকে আরও আকর্ষণীয় করে তুলতে আসছে নতুন চমক। 

চ্যানেল কর্তৃপক্ষের তরফে এদিন 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, রাজরীত এবং বিদ্যার বউভাতের অনুষ্ঠানে আবারও রাজরীতের বাবা নায়িকার সঙ্গে দুর্ব্যবহার করছেন। বলছেন, তিনি কোনও ভাবেই বিদ্যাকে সহ্য করবেন না। তার বাড়ি থেকে শুরু করে কলেজ, এমনকী এই শহর থেকেও তিনি বিদ্যাকে তাড়িয়ে ছাড়বেন। তার কোনও সহানুভূতি নেই বিদ্যার প্রতি। জবাবে নায়িকাও জানিয়ে দেয় তার কোনও প্রয়োজন নেই, শ্বশুরের সহানুভূতির। একই সঙ্গে সে বলে, সে এবার গোটা শহরকে রাজরীতের বাবার দুই নম্বরি সমস্ত কাজের বিষয়ে জানিয়ে দেবে। সে সত্যিই এই কাজ করে কিনা সেটা আগামী পর্বেই বোঝা যাবে। শ্বশুর এবং বউমার এই সংঘাত কোন পর্যায়ে যায় সেটাই এখন দেখার। 

অন্যদিকে রাজরীত তার স্ত্রীকে জানায় সে বিদ্যাকে ছাড়া কিচ্ছু বোঝে না। সে খুব ভালবাসে তাকে। যদিও জবাবে নায়িকা বলে দেয় তার জীবনে ভালবাসা নেই, আছে কেবল কাঁটা। তাই তাকে যেন ক্ষমা করে দেয় রাজরীত। তবে সে কথা মানতে অস্বীকার করে রাজরীত। জানায় সে বিদ্যাকে ছাড়বে না। বিদ্যাই তার জীবনের উপন্যাসের নায়িকা। শেষ পর্যন্ত কী হয়, বিদ্যা কি আদৌ রাজরীতকে মন দেবে? দিলেও কি তার সেই ভালবাসা বুঝবে নায়ক? উত্তর আগামী পর্বে দেখা যাবে। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' হয়ে বহু বছর পর ছোটপর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। তাঁর বিপরীতে রাজরীতের ভূমিকায় আছেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। এই প্রথম তাঁরা জুটি বাঁধলেন। স্টার জলসার পর্দায় 'প্রোফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিক রোজ দেখা যায়। এটি নিয়মিত রাত সাড়ে ৮ টা নাগাদ সম্প্রচারিত হয়।