জমকালো থ্রিলার আর রোমান্টিক ছবির দৌড়ে এখন ছোটদের মনোরঞ্জনের দিকটা আলাদা করে ভেবে দেখেন না পরিচালক, প্রযোজকরা। বক্স অফিসের সাফল্যের হিসেবনিকেশকে দূরে ঠেলে এবার ছোটদের জন্য কমেডি ছবির ভাবনায় পরিচালক সূর্য ভট্টাচার্য। ছবির চিত্রনাট্য তৈরি ও পরিচালনায় রয়েছেন সূর্য। ছবির নাম 'সাহেব রাজার বাড়ি'।

মুখ্য চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, অর্ণব ব্যানার্জি, বরুণ চক্রবর্তী। এছাড়াও দেখা যাবে খুদে শিল্পী আদৃজা ভট্টাচার্য, ওঙ্কার ভট্টাচার্য ও সমাদৃতা দত্ত। গল্প জমে উঠবে তাদের ঘিরেই।

ছবির গল্পে আইটি পেশাদার রাজদীপ পরিবারের সঙ্গে একটু নিরিবিলি সময় কাটানোর জন্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে। তার স্ত্রী শ্রেয়া একজন ট্রাভেল ভ্লগার। সে ঠিক করে, সাধারণ কোনও জায়গার বদলে তাদের এবারের গন্তব্য হবে রহস্যময় ‘সাহেব রাজার বাড়ি’, যা নিয়ে সে তার পরবর্তী রোমাঞ্চকর ভ্লগ বানাবে। রাজদীপের মা এবং দুই সন্তান—তিতলি ও তোজো-ও বেশ উৎসাহ নিয়ে এই সফরে সঙ্গী হয়।

এই বিশাল প্রাসাদের মালিক ছিলেন রাজা বিভূতি নারায়ণ চৌধুরী, যাঁকে সবাই ‘সাহেব রাজা’ নামে চিনত। নিজের জীবনে তিনি অত্যন্ত ন্যায়পরায়ণ রাজা হিসেবে পরিচিত থাকলেও, শেষ বয়সে তাঁর দেওয়া তিনটি বিচার প্রজাদের মনে গভীর অসন্তোষ তৈরি করেছিল। সেই অপরাধবোধ আর গ্লানি নিয়ে রাজা মারা যান, কিন্তু তাঁর আত্মা শান্তি পায়নি। লোককথা অনুযায়ী, গত ৩০০ বছর ধরে তাঁর অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়াচ্ছে। কথিত আছে, যারাই এই বাড়িতে ঢোকে, রাজার আত্মা তাদের বন্দি করে তিনটি গল্প শোনায় এবং তিনটি প্রশ্ন করে—যেগুলোর উত্তর আজও কেউ সঠিক দিতে পারেনি।

রাজদীপের পরিবারও এই ভৌতিক কাণ্ডের থেকে ছাড় পায় না। কয়েক শতাব্দী ধরে অমীমাংসিত সেই তিনটি প্রশ্নের উত্তর কি দুই শিশু দিতে পারবে? রাজদীপ আর শ্রেয়া কি রাজার আত্মার কবল থেকে তাদের সন্তানদের উদ্ধার করতে পারবে? রহস্য, ইতিহাস, আবেগ আর বুদ্ধির লড়াই নিয়ে গড়ে ওঠা এক টানটান থ্রিলার এই ‘সাহেব রাজার বাড়ি’।


জানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির শুটিং সেরে ফেলেছেন পরিচালক। ছবির গানের দায়িত্বে সৌমিত্র কুণ্ডু, এক্সিকিউটিভ প্রোডিউসার মৌমিতা পোদ্দার ও ডিজিটাল ডিজাইনার প্রাঞ্জ দত্ত।

খুব তাড়াতাড়ি অঞ্জনা ঘোষ, সঞ্জীব ঝুনঝুনওয়ালা ও অমিত মুখার্জির প্রযোজনা সংস্থা শির্যা ফিল্মস, কেশব ফিল্মস ও মুখার্জি ফিল্মসের ব্যানারে বড়পর্দায় আসছে 'সাহেব রাজার বাড়ি'।