ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। বিক্ষোভ রুখতে প্রশাসনের তরফে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। অশান্তি এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও প্রিপেইড মোবাইল পরিষেবা।
2
9
দোকানপাট থেকে শুরু করে সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান এখন বন্ধ। সরকারি সূত্রের খবর, আগামী শুক্রবার পর্যন্ত এই কড়াকড়ি বজায় থাকবে।
3
9
গত রবিবার থেকেই ধাপে ধাপে ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রণ করা শুরু হয়েছিল। ওই দিন শ্রীনগরের প্রাণকেন্দ্র লাল চকে হাজার হাজার মানুষের শোক মিছিল হয়৷ উত্তেজনা ছড়ায় চারিদিকে।
4
9
পরিস্থিতি সামাল দিতে গোটা এলাকা কার্যত সিল করে দিয়েছে প্রশাসন। গত ছয় বছরে এই প্রথম লাল চক চত্বরকে টিনের চাদর ও কাঁটাতারের বেড়ায় মুড়ে ফেলা হল। বিশেষ করে শিয়া অধ্যুষিত এলাকাগুলো থেকে যাতে কোনও মিছিল লাল চকের দিকে এগোতে না পারে, তার জন্য মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
5
9
উপত্যকার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও গতকাল বারামুল্লা জেলার পত্তনে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। দফায় দফায় পাথর ছোড়ার ঘটনায় এক পুলিশ আধিকারিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
6
9
পরিস্থিতি খতিয়ে দেখে শান্তি ফেরানোর উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। শ্রীনগরে জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে তিনি সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানান। প্রশাসনের এক শীর্ষকর্তা জানিয়েছেন, শুক্রবারের নমাজের পর পরিস্থিতি পর্যালোচনা করে তবেই বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হবে।
7
9
শিয়া সম্প্রদায়ের মানুষের কাছে খামেনেই ছিলেন সর্বোচ্চ ধর্মীয় পথপ্রদর্শক। আমেরিকা ও ইজরায়েলি হানায় তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই উপত্যকায় ক্ষোভের আগুন জ্বলে ওঠে। সোমবার লাল চকের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীরা মারমুখী হয়ে ওঠেন। পাথর ছোড়া শুরু হলে পুলিশকে পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়।
8
9
এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে ‘বিভ্রান্তিকর তথ্য’ ছড়ানোর দায়ে শ্রীনগরের সাংসদ আগা রুহুল্লাহ-সহ অনেকের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
9
9
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সপ্তাহান্ত পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষাও স্থগিত করে দেওয়া হয়েছে।