আজকাল ওয়েবডেস্ক: টি-২০ সেমিফাইনালের আগে অভিষেক শর্মাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী রবি শাস্ত্রীর। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ মনে করেন, ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাঁ হাতি ওপেনারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত টিম ম্যানেজমেন্টের। মানসিকভাবে অভিষেক ঠিক কোন জায়গায় আছে, তার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া উচিত। রবি শাস্ত্রী বলেন, 'টিম ম্যানেজমেন্টকে বুঝতে হবে মানসিকভাবে ও সঠিক জায়গায় নেই। তেমন যদি হয়ে থাকে, তাহলে একটা সিদ্ধান্ত নিতে হবে। ওর সঙ্গে কথা বলতে হবে। নেটে কেমন ব্যাট করছে সেটা দেখতে হবে।'

বিকল্প ব্যবস্থার কথাও জানিয়ে রাখলেন শাস্ত্রী। ব্যাটিং অর্ডার বদলে ঈশান কিষাণকে ওপেনিংয়ে ফেরানোর কথা বলেন। শেষ দুই ইনিংসে ব্যর্থ হলেও, বিশ্বকাপের গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিলেন উইকেটকিপার ব্যাটার। ৭ ম্যাচে ২২৪ রান করেন। ঈশানকে ওপেনিংয়ে ফেরানো হলে ডানহাতি বাঁ হাতি কম্বিনেশন অব্যাহত থাকবে। ম্যানেজমেন্টকে এমন পরামর্শ দিলেও পুরোনো রেকর্ডের কথাও তুলে ধরেন। গতবছর ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৪ বলে ১৩৫ রান করেন। যা কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টি-২০ রান। শাস্ত্রী বলেন, 'আমার মনে হয়, অভিষেক মানসিকভাবে সঠিক জায়গায় না থাকলে, ঈশান কিষাণকে ওপেনিংয়ে নামানোর কথা ভাবা যেতে পারে। সেক্ষেত্রে রিঙ্কু সিংকে ফেরানো হতে পারে। সেটাই একমাত্র পরিবর্তন হতে পারে। তবে অভিষেককে ওপেনিং থেকে নাও সরানো যেতে পারে। কারণ শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দারুণ ছন্দে ছিল। অতীতে ওয়াংখেড়েতে কী করেছে সেটা ভোলা যাবে না। কয়েকটা দ্রুত এবং বড় শতরান করেছে। ভারতের ব্যাটিংয়ে যথেষ্ট মাল-মশলা আছে।' 

বড় টুর্নামেন্টে ব়্যাঙ্কিং এবং সুপারস্টার স্ট্যাটাস সবসময় খাটে না। তিনটে শূন্য দিয়ে বিশ্বকাপ শুরু করেন অভিষেক। পেটের সংক্রমণের জন্য নামিবিয়া ম্যাচ খেলেননি। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম রান আসে। ১৫ বলে ১২ রান করেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে অর্ধশতরানের পর মনে হয়েছিল ফর্ম ফিরে পেলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আবার পতন। ১১ বলে ১০ রান করেন। সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে বড় রানের আশায় ভক্তরা। ইংল্যান্ডের বিরুদ্ধে পারফরম্যান্স ভাল বাঁ হাতি ওপেনারের। গতবছর এই ওয়াংখেড়েতেই করেছিলেন রেকর্ড। এবারও তাঁর জ্বলে ওঠার আশায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।