'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকে আবারও টানটান নাটকীয় মোড় আসতে চলেছে। শিবরাত্রি বিশেষ পর্বেতেই নতুন সংকটে পড়বে তটিনী। কোন ঝড় উঠতে চলেছে পরশুরামদের জীবনে?

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে তটিনী নতুন সংকটের মুখোমুখি। শিবরাত্রির দিন সে যখন মন্দিরে গিয়েছে পুজো করতে, সেই সময়ই হঠাৎই বিপদের মুখোমুখি হয়। 

গান গাইতে গাইতে তটিনী যখন শিবলিঙ্গে জল ঢালছে তখন সেখানে আরও একটি হাত দেখা যায়। সেই ঘটি ধরা হাত দেখে তাকায় তটিনী। দেখে তার সামনে বসে শীতল। তখনই খলনায়িকা ক্রুর হাসি হেসে বলে এটাই তটিনীর জীবনের শেষ শিবরাত্রির ব্রত। সে এও জানায় তটিনী আজ কোনও ভাবেই বাড়ি ফিরতে পারবে না। তবে কি আবার নতুন করে মৃত্যুমুখে পড়বে নায়িকা? কোন বিপদ অপেক্ষা করে রয়েছে তার জন্য? উত্তর আগামী পর্বে পাওয়া যাবে। 

এদিন প্রোমোতে আরও দেখানো হয় শীতল তটিনীকে বলছে বাইরে দাঁড়িয়ে থাকা নায়িকার শিব, শিবপ্রসাদ গাঙ্গুলির মোক্ষলাভ হয়ে গিয়েছে। আর সেই কথা শুনেই ছুটে বেরিয়ে আসে তটিনী। গল্পে যে নতুন এক টানটান মোড় আসছে সেটা স্পষ্ট। কিন্তু শেষ পর্যন্ত কী ঘটে, সেটাই দেখার। 

সম্প্রতি এই ধারাবাহিকের আরও একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখানো হয়েছে, নায়িকা জানতে পারে বিজিত লাহিড়িকে স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা বেরিয়ে গিয়েছে। এতেই দুইয়ে দুইয়ে চার করে তটিনী অনুমান করে পরশুরাম তাকে ধরিয়ে দেবে। পরশুরাম যে ওকে এভাবে ঠকাতে পারে সেটা বিশ্বাস করে উঠতে পারে না তটিনী। ভীষণ ভেঙে পড়ে। এরপরই দেখা যায় একটি রিকশা চড়ে পরশুরামের সঙ্গে তটিনী কোথাও যাচ্ছে। আর তখনই একটি গাড়ি তাদের ফলো করতে শুরু করে। এটা দেখে নায়িকা পরশুরামকে বলে সে কথা। জানায় কেউ তাদের ফলো করছে। যদিও সবটা জানার পরেও এটা নিছক স্ত্রীর মনের ভুল বলে কাটিয়ে দেয় পরশুরাম। তবে গাড়িতে দেখা যায় স্পেশ্যাল ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন বিজিতকে সঙ্গে নিয়ে।

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, শেষ টিআরপিতেও লিস্টে সবার প্রথমেই ছিল 'পরশুরাম আজকের নায়ক'। এই ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। 'পরশুরাম আজকের নায়ক' ধারাবাহিকটি প্রতিদিন রাত ৮টা থেকে সম্প্রচারিত হয়।