ফের বিতর্কে বাদশা। কয়েক বছর আগে 'বড়লোকের বেটি' গানকে ঘিরে বিতর্কে জড়িয়েছিলেন বাদশা। এবার র‍্যাপ গায়কের নতুন গান ‘টটীরী’-কে কেন্দ্র করে জটিলতা তৈরি হয়েছে। গানের কথায় অশালীনতা এবং মিউজিক ভিডিওতে স্কুলের পরিবেশ দেখানোর অভিযোগে বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। যা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা চলছে ব্যাপক।


গত ১ মার্চ মুক্তি পায় হরিয়ানা ভাষার 'টটীরী' গানটি। অভিযোগকারীদের দাবি, এই গানের কিছু লাইন অত্যন্ত অশ্লীল এবং তা তরুণ প্রজন্মের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কিশোর-কিশোরীরা সহজেই এই ধরনের গান শুনে বা ভিডিও দেখে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাঁদের মতে, জনপ্রিয় শিল্পীদের উচিত এমন বিষয়বস্তু তৈরি না করা যা সমাজে নেতিবাচক প্রভাব ফেলবে না।


শুধু গানের কথা নয়, মিউজিক ভিডিও নিয়েও আপত্তি উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভিডিওটির কিছু দৃশ্য স্কুলের পরিবেশে তৈরি করা হয়েছে এবং সেখানে স্কুল ইউনিফর্মের মতো পোশাকও দেখা গিয়েছে। সমালোচকদের মতে, স্কুলের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশকে এই ধরনের গানের সঙ্গে দেখানো ঠিক নয়। এতে শিক্ষার পরিবেশের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে বলেও দাবি করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতেই হরিয়ানার মহিলা কমিশন বাদশার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। 


অভিযোগে বলা হয়েছে, গানটির মাধ্যমে অশ্লীলতা ছড়ানো হয়েছে এবং তা জনসমাজের জন্য আপত্তিকর। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


এদিকে গানটি প্রকাশের পর থেকেই ইন্টারনেটে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, গানের ভাষা এবং ভিডিওর উপস্থাপনা সীমা ছাড়িয়েছে। আবার অন্যদিকে বাদশার ভক্তদের একাংশ মনে করছেন, এটি একটি সাধারণ বিনোদনমূলক র‍্যাপ গান এবং এনিয়ে এত বিতর্কের প্রয়োজন নেই।


উল্লেখ্য, আধুনিক র‍্যাপ ও পপ গানে সাহসী ভাষা বা বিতর্কিত উপস্থাপনা নতুন কিছু নয়। তবে অনেকের মতে, জনপ্রিয় শিল্পীদের দায়িত্বও বেশি। কারণ তাঁদের গান কোটি কোটি মানুষ শোনেন, বিশেষ করে তরুণরা। আপাতত বাদশার গানকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্ক সংগীত জগতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।