স্টার জলসায় আসছে 'বিগ বস'। এই জল্পনা গত বছর থেকেই শুরু হয়েছিল। জানা যাচ্ছে, এবারের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হবে এই রিয়্যালিটি শো-এর প্রতিযোগিদের নাম। 'বিগ বস'-এর ঘরে তারকাদের উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাতে দারুণ ভালবাসেন দর্শক। তাই
স্টার জলসায় নতুনভাবে ফিরছেন সৌরভ। শুক্রবার ইডেন গার্ডেনে বাংলার 'মহারাজ'-এর হাত ধরে উদ্বোধন হল এই রিয়্যালিটি শো-এর লোগো।
এদিন মঞ্চে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেত্রী তৃণা সাহা ও অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। সৌরভকে সংর্বধনা জানানো হয় তাঁর উল্লেখযোগ্য কীর্তির কোলাজ তৈরি করে। ২২ গজের ময়দানে 'দাদা' এসেই জানান, তিনি এই শো-এর সঞ্চালনার দায়িত্ব পেয়ে আপ্লুত। স্টার জলসায় এই রিয়্যালিটি শো সম্প্রচার হওয়ায় তাঁর আশা আরও বেড়ে গিয়েছে।
এদিন লোগো লঞ্চ শুধু নয়, চমক ছিল মাঠেও। সৌরভ গাঙ্গুলি আর ইডেনের সংমিশ্রণে একটা ম্যাচ হবে না, তা কী করে হয়? শুক্রবারের সন্ধেয় যিশু সেনগুপ্তর হাতে ছিল বল, আর সৌরভ গাঙ্গুলির হাতে ব্যাট। দুই তারকার ব্যাটে-বলে চমক যে ছিলই, তা বলার অপেক্ষা রাখে না।
স্টার জলসার ধারাবাহিকের নায়ক-নায়িকাও এদিনের অনুষ্ঠানের সাক্ষী ছিলেন। দেখা গিয়েছিল, রূপসা চক্রবর্তী, রণিতা দাস, শুভ্রজিৎ সাহা, দীপান্বিতা রক্ষিত, বিশ্বজিৎ ঘোষ, ছিলেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। বেশ কয়েক বছর 'দাদাগিরি'র পরিচালনার দায়িত্বে ছিলেন শুভঙ্কর। সৌরভকে নতুন ভূমিকায় দেখে তিনি বলেন, "ওঁকে যে চরিত্রেই দেবেন তাঁর মতো করে ঠিক ফুটিয়ে তুলবেন। অনেকটা জলের মতো আমাদের দাদা।"
টলিপাড়ার অন্দরের খবর, চার বছরের জন্য দাদার সঙ্গে ১২৫ কোটি টাকার চুক্তি হয়েছে স্টার জলসার। ‘বিগবস’ ও নতুন কুইজ শোতে দেখা যাবে মহারাজকে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে তাঁকে স্টার জলসার পর্দায় দেখা যাবে। জানা যাচ্ছে, সৌরভের এই শো-এর সঙ্গে থাকছে বলিউড যোগ। মুম্বইয়ের প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে এই শো। ডিজনি প্লাস জিও হটস্টারে।
এই শো-এ বরাবরের মতোই একঝাঁক তারকাকে দেখা যাবে। যদিও খবর এই মুহূর্তে চলতি ধারাবাহিকের কাউকেই দেখা যাবে না এই শো-এ। ইতিমধ্যেই আসন্ন এই শো ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। ২০১৩ সালে এই শো প্রথম শুরু হয়। তবে দুটো সিজনের পর সেই সময় বন্ধ হয়ে যায় এই রিয়্যালিটি শো। তখন সঞ্চালনায় ছিলেন টলিউড 'সুপারস্টার' জিৎ। এতদিন সৌরভের সঞ্চালনায় 'দাদাগিরি' দেখেছেন দর্শক। এবার 'বিগ বস'-এর ঘরে কার দাদাগিরি চলে সেটাই দেখার।
'বিগ বস মানেই তো 'কন্ট্রোভার্সি', কোন কৌশলে সামলাবেন সৌরভ গাঙ্গুলি? আজকাল ডট ইন-এর প্রশ্নে তিনি বলেন, "গসিপ বা কন্ট্রোভার্সি তো প্রতিযোগিদের নিয়ে, আমি তো বাইরে থাকব। তাই এত ভাবছি না, সামলে নেব ঠিক।" বাড়িতে নাকি মেয়ে সানা-ই 'বিগ বস', দাবি সৌরভের।
এদিন এত আলো, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে সৌরভের উপস্থিতি নিয়ে দর্শকের যে উত্তেজনা, তার পারদ নিভেছিল অব্যবস্থাপনার জন্য। অন্যদিকে, বাংলার 'বিগ বস'-এ, বাংলার ঘরের ছেলে সৌরভকে শুরুতেই ইংরেজিতে প্রশ্ন ছুড়লেন সঞ্চালক অনিন্দ্য সেনগুপ্ত। অগত্যা একই ভাষায় জবাব দিলেন তিনিও। এই দিকটা যেন ফাঁক থেকে গেল।
