আজকাল ওয়েবডেস্ক: খাদ্য সম্পর্কে আরও সচেতন হয়ে উঠছেন মানুষ । ক্যালোরি মেপে খাওয়া থেকে শুরু করে খাবারের গুণমান- সব বিচার করেই ঠিক করছেন খাদ্যতালিকা। অনেকেই জানেন না, আধুনিক এই সময়ে জনপ্রিয়তা অর্জন করছে ফাররো। আপনি হয়তো ওটস, বার্লির নাম শুনেছেন। তবে ফাররো তুলনামূলকভাবে কম পরিচিত শস্য। প্রাচীন এই শস্যে রয়েছে প্রোটিন, ফাইবার এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। স্বাভাবিক পরিশোধিত শস্যের একটি স্বাস্থ্যকর বিকল্প হল ফাররো। এর উপকারিতা নিয়ে কী মত পুষ্টিবিদদের?
ফাররো হল একটি প্রাচীন গমের শস্য। এই প্রাচীন শস্যটি ইথিওপিয়ান, ভূমধ্যসাগরীয় এবং মধ্য প্রাচ্যের রন্ধনপ্রণালীতে এসেছে। সম্প্রতি, পুষ্টি উপাদান এবং স্বাস্থ্য সুবিধার জন্য বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে ফাররো। স্যুপ, ডেজার্ট এবং স্যালাডে এই শস্য আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসেই। এর স্বাদ বাদামের মতো। দুর্ভাগ্যজনক ভাবে এই শস্যে অল্প পরিমাণে গ্লুটেন রয়েছে। ১০০ গ্রাম ফাররো-তে আছে ৩৬২ ক্যালোরি, ১২.৭৭ গ্রাম প্রোটিন, ২.১৩ গ্রাম ফ্যাট, ১০.৬ গ্রাম ফাইবার এবং ৭২.৩৪ গ্রাম কার্বোহাইড্রেট!
কোষ্ঠকাঠিন্য বা অন্য কোনও হজমের সমস্যার সঙ্গে লড়াই করছেন? এক বাটি ফাররো আপনাকে সাহায্য করতে পারে। এর ফাইবার আপনার পাচনতন্ত্রকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে পারে। আপনাকে দিতে পারে একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম।
ওজন কমানোর জন্য ফাররো খুবই ভাল বিকল্প। এর অদ্রবণীয় ফাইবার বাড়তি মেদ ঝরানোর ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করতে পারে।
 ফল এবং সবজির মতো ফাররোতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। এতে আছে পলিফেনল, সেলেনিয়াম এবং ক্যারোটিনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট যা অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে কাজ করতে সাহায্য করে।