আজকাল ওয়েবডেস্ক: কথায় আছে বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। ছটপুজোয় গিয়ে এমনই এক ঘটনা দেখল সকলে। অনলাইনে সেই ভিডিও রীতিমত ভাইরাল। যদিও এর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। দেখা গেল ছটপুজো দিতে অনেকে জলে নেমেছেন। হঠাৎ সেখানে এসে হাজির এক বিষধর সাপ।

 

তাকে দেখেই সবার মধ্যে আতঙ্ক ছড়াল। ছুটোছুটি পড়ে গেল নিমিষে। অনেকে আবার জল দিয়ে সাপটিকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করলেন। কিন্তু কোথায় কী। সেই সাপ নিজের পথে অবিচল। তবে এবার আরও অবাক করা কাণ্ড। সব মহিলা সাপ দেখে পালিয়ে গেলেও একজন কিন্তু একেবারে নিরুত্তাপ। তার প্রায় সামনে দিয়েই ঘোরাফেরা করল সেই সাপ। তার সঙ্গে যেন নিত্য সংসার করেন ওই মহিলা।

 

এরপর সাপটি কাউকে কোনও ক্ষতি না করে সোজা চলে গেল ছটপুজোর ফলের ডালিতে। সেখানে কিছুক্ষণ থেকে ফের নিজের পথে রওনা দিল সে। এরপরই সরব হল নেটিজেনরা। কেউ বলল, ছট মাইয়ার জয়। আবার কেউ বলল, কিছু জিনিস থাকে যা আমাদের বোঝার বাইরে। মহিলার মনে সাহস রয়েছে সেটা সত্যি। বাকিটা হয়তো বোঝার বাইরে।