ঝটিকা সফরে কলকাতা এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইকো পার্ক থেকে তিনি এদিন প্রথমে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতে যান। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন, তাঁকে সেখানে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি যান অমিত শাহ। 

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন সৌজন্য সাক্ষাৎ করতে আসেন অমিত শাহ। মাত্র মিনিট পনের থাকেন। তাঁর সঙ্গে এদিন ইন্ডাস্ট্রির বাড়িতে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, এবং নিশীথ প্রামাণিক। প্রসেনজিতের সঙ্গে কী কথা হল অমিত শাহের? 

লকেট চট্টোপাধ্যায় এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। তিনিই জানান এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তাঁদের তরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কিছু বই উপহার দেওয়া হয়েছে। এছাড়া সিনেমা নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। তবে টলিউড ইন্ডাস্ট্রিকে নিয়ে কোনও আলোচনা হয়নি। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, চলতি বছর পদ্মসম্মান পেয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতির হাত থেকে সেই পুরস্কার গ্রহণ করার সময়ই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। কলকাতায় এলে, তাঁর বাড়ি আসার কথা বলে এসেছিলেন। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে অমিত শাহ যখন কলকাতায় এলেন, তখন তাঁর ব্যস্ত কর্মসূচির মধ্যে থেকে কিছুটা সময় কাটালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে।

প্রসঙ্গত, চলতি বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যখন পালাবদল ঘটে তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের অনুষ্ঠানে দেখা গিয়েছে। এছাড়াও সাম্প্রতিক অতীতে নানা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন বিজেপি নেতাকে দেখা গিয়েছে।