আজকাল ওয়েবডেস্ক: বারুইপুরের ঘটনায় তৎপর প্রশাসন। ২৪ ঘণ্টার মাথায় গ্রেপ্তার তিনজন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্যাপিটাল পানিশমেন্টের হুঁশিয়ারি দিলেন সোমবার। সাফ জানালেন, রেয়াত নয় কাউকেই। সূত্রের খবর, মঙ্গলবারেই মুখ্যমন্ত্রী নিজে বারুইপুর যেতে পারেন। কথা বলতে পারেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। 

 

 এদিন বারুইপুরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা। সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে চারজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়, দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনজনকে আটক করা হয়েছে। আইজি'র নেতৃত্বে, পুলিশ-সটিএফ কাজ করছেন। পরিবার পুলিশের কাছ থেকে যা যা সহযোগিতা চেয়েছেন সেই কাজ সরকার করছে। আমি আশা করি তদন্তের মাঝপথে আমার না বলাই ভাল। কিন্তু এটুকু আমি বলতে চাই, পরিবার যেভাবে বিচার চেয়েছে, সরকার এবং পুলিশের কাছে যে যে সহযোগিতা চেয়েছে, তা তারা পাবে। মোট ৪ টি মামলা হযেছে। ১ টি জঘন্যতম অপরাধের জন্য ছাড়া আরও ৩ টি মামলা হয়েছে।'

সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ' সম্ভবত, আমি এখনই বলব না, কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। এই গণপিটুনির পিছনে একটি কমিউনাল অ্যাঙ্গেল ছিল। যেভাবে রেলপথ ওপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে।  ২০১৯ সালে সিএএ বিরোধী আন্দোলন এবং  কিছুদিন আগে ওয়াকফ বোর্ড সংক্রান্ত আন্দোলন। ২ জন সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন এবং পুলিশের গাড়ি জ্বালানো হয়েছে।' 

এর  পরেই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলেন, ' নিশ্চিন্ত থাকুন, প্রথমটির বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট  দেব, ওর বাবা যা যা চেয়েছেন, সব করবে মুখ্যমন্ত্রী। বাকি তিনটি বিষয়ে যারা  যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গিয়েছিলেন,  এখনও ঢুকে আছেন, তিনজনে মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরও ভুগতে হবে। এমন ভোগাব, বুঝতে পারবে।'