আজকাল ওয়েবডেস্ক: শেষ পর্যন্ত বিশ্বকাপের স্বপ্ন অধরাই থেকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ছ'টি বিশ্বকাপে নেমে একবারও খেতাব জিততে পারেননি তিনি। বিদায়বেলায় রোনাল্ডো বললেন, দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার তৃপ্তি তাঁর রয়েছে।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর রোনাল্ডো বলেন, তিনি বিবেকের কাছে পরিষ্কার। কারণ জাতীয় দলের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন। তাঁর কথায়, ফুটবলে জয়-পরাজয় থাকবেই, কিন্তু দায়িত্ব পালনে কোনও ঘাটতি রাখেননি তিনি।
বিশ্বকাপ জিততে না পারলেও ২০১৬ সালের ইউরো জয়কে বিশ্বকাপ জয়ের সমান মর্যাদা দিচ্ছেন রোনাল্ডো। তিনি বলেন, “আমি ২০১৬ সালে ইউরো জিতেছি। আমার কাছে সেই খেতাবের মর্যাদা বিশ্বকাপ জয়ের সমান। এই অর্জন সারাজীবন আমার সঙ্গে থাকবে। আগামীকাল নতুন একটি দিন, সামনে এগিয়ে যেতে হবে।''
জাতীয় দলের হয়ে নিজের সাফল্যের কথাও স্মরণ করিয়ে দেন সিআর সেভেন। ইউরো ২০১৬-এর পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ জেতার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। পর্তুগালের হয়ে তিনটি খেতাব জিতেছি। আমার আগে এই দল কিছুই জিততে পারেনি। এই সাফল্যে আমি গর্বিত।”
স্পেনের কাছে হারের পর রোনাল্ডো জানান, এটিই ছিল তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ। তিনি বলেন, “এটাই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ থাকবে। জীবন চলতেই থাকবে। আমি বিবেকের কাছে পরিষ্কার থেকেই বিদায় নিচ্ছি।”
তবে বিদায়ের কষ্টও লুকাননি পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তিনি বলেন, “এভাবে বিদায় নিতে হওয়ায় অবশ্যই খারাপ লাগছে। কিন্তু আমি মাঠে সবকিছু উজাড় করে দিয়েছি। আমরা ভাল খেলেছি, যদিও আরও ভাল করা যেত। স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। আমার বিশ্বাস, ওরা ফাইনালে উঠবে, অথবা অন্তত তার খুব কাছাকাছি যাবে।''














