আজকাল ওয়েবডেস্ক: ডিপফেক ভিডিও নিয়ে এবার আরও কড়াকড়ি। ইউটিউব, ফেসবুকের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিকে নির্দিষ্ট সময় বেঁধে  দিল কেন্দ্র। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। সূত্রের খবর, একইসঙ্গে কেন্দ্র এআই দ্বারা তৈরি করা ভিডিওগুলিকে আলাদাভাবে লেবেল করার নির্দেশ দিয়েছে। 

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুলিশ বা সরকার কোনও কন্টেন্টকে ডিপফেক  বলে ঘোষণা করার পর, তা সরিয়ে দিতে হবে তাৎক্ষণিকভাবে। আগে  মেটা, ইউটিউব, এক্স, এই সোশ্যাল মিডিয়া গ্রুপগুলিকে এইসব ভিডিও সরিয়ে দেওয়ার জন্য ৩৬ ঘণ্টা সময় দেওয়া হত। এখন সেই সময় কমিয়ে আনা হিয়েছে তিন ঘণ্টায়। জানা গিয়েছে, এই নয়া নিয়মটি কার্যকর হবে ২০ ফেব্রুয়ারি থেকে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রথমবারের মতো 'কৃত্রিমভাবে তৈরি তথ্য'-এর বিষয়ে একটি আনুষ্ঠানিক সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি এমন যেকোনো অডিও, ভিজ্যুয়াল বা অডিও-ভিজ্যুয়াল কন্টেন্টকে অন্তর্ভুক্ত করে যা কম্পিউটার রিসোর্স ব্যবহার করে তৈরি বা পরিবর্তিত হয় এবং সেখানে মানুষ বা ঘটনাগুলিকে এমনভাবে দেখায় যাতে প্রকৃত বলে মনে হতে পারে।

নতুন নিয়ম ৪(১এ) এর অধীনে, ব্যবহারকারী আপলোড করার আগে, প্ল্যাটফর্মটিকে জিজ্ঞাসা করতে হবে, এই কন্টেন্টটি কি আল-জেনারেটেড? তবে এটি স্ব-ঘোষণা অর্থাৎ ব্যবহার কারী হ্যাঁ বা না বললেই মিটে যাবে না। প্ল্যাটফর্মগুলিকে ক্রস-ভেরিফাই করার জন্য স্বয়ংক্রিয় সরঞ্জামও স্থাপন করতে হবে, লাইভ হওয়ার আগে কন্টেন্টের ফর্ম্যাট, উৎস এবং প্রকৃতি পরীক্ষা করে দেখতে হবে।

যদি সিন্থেটিক হিসাবে চিহ্নিত করা হয়, তাহলে কন্টেন্টের একটি দৃশ্যমান প্রকাশ ট্যাগ প্রয়োজন অর্থাৎ যে লেবেল দেখা যাবে বাইরে থেকেই। যদি কোনও প্ল্যাটফর্ম জেনেশুনে লঙ্ঘনকারী কন্টেন্ট স্লাইড করতে দেয়, সেক্ষত্রেও নজর রাখা হবে।