আজকাল ওয়েবডেস্ক: এবারের রাজ্য বাজেটে বড় চমক 'বাংলার যুব সাথী'। রাজ্যের শিক্ষিত বেকার যুবসমাজের জন্য প্রকল্পের ঘোষণা করল মমতা ব্যানার্জির সরকার। মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সি যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেবে রাজ্য সরকার।
রাজ্য বাজেট পেশের দিন জানা গিয়েছিল চলতি বছর ১৫ আগস্ট থেকেই চালু হবে 'বাংলার যুব সাথী' প্রকল্প। তবে মঙ্গলবার, নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী জানালেন, আগস্ট নয়, এপ্রিল থেকেই কার্যকর হবে এই প্রকল্প।
এদিন বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী জানান, বাজেট পেশের দিন যে কয়েকটি প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার, সেগুলির বিস্তারিত বর্ণণা দেবেন তিনি। এবার রাজ্য বাজেটের চমক ছিল যুবসাথী প্রকল্প। মুখ্যমন্ত্রী শুরুতেই বলেন, কীভাবে, কবে থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ, তা জানাবেন তিনি।
যুবসাথী প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন-
মাধ্যমিক পাশ, ২১ থেকে ৪০ বছর বয়সীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড পেলেও এই ভাতা পাওয়ায় কোনও সমস্যা হবে না। তবে রাজ্য সরকারের অন্য কোনও প্রকল্পে টাকা না পেলে, এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তাঁরা।
আগামী পাঁচ বছর মাসে দেড় হাজার টাকা করে পাবেন। তারপর আবার রিভিউ হবে। যতদিন তাঁরা চাকরি পাচ্ছেন।
আগস্টের পরিবর্তে, ১ এপ্রিল থেকে এই সুবিধা পাবেন ভোক্তারা। মুখ্যমন্ত্রী জানান, যেহেতু নতুন অর্থবর্ষ ওই দিন থেকেই শুরু। তাই ওইদিন থেকেই মিলবে সুবিধা।
তবে অনলাইনে নয়, ফর্ম জমা নেওয়া হবে অফলাইনে। মুখ্যমন্ত্রী সাফ জানান, 'যে হেতু সময় কম, তাই অনলাইনে যাচ্ছি না। কারণ কে পাঠাবে না পাঠাবে, রিভিউ করতে, সার্ভে করতে অনেক সময়ত লেগে যাবে।'
কীভাবে এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হবে? মুখ্যমন্ত্রী জানান, কাগজে বিজ্ঞাপন দেওয়া হবে। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির তৈরি করবে সরকার। দুয়ারে সরকারের মতো মতো শিবির হবে। প্রত্যেক শিবিরে তিনটি বিভাগ থাকবে। যুবসাথীদের সুবিধা দেওয়ার জন্য যুব এবং ক্রীড়া বিভাগ থাকবে।
ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বছরে দু’বার ২০০০ টাকা করে দেওয়া হবে। তাদের জন্য কৃষি বিভাগ থাকবে। সেই সঙ্গে মাইনর ইরিগেশন এবং পাওয়ার বিভাগ থাকবে।
শিবির চলবে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি চলবে শিবির। তবে ছুটির দিনে বন্ধ থাকবে শিবির।
শিবিরের সময়সীমও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে শিবির।
আবেদন জমা করার পর, তাঁদের রসিদ দেওয়া হবে, সঙ্গে সঙ্গে তা ডিজিটাইজও করা হবে। সেই বিষয়টিও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
