আজকাল ওয়েবডেস্ক: উত্তরাখণ্ডে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেদারনাথ মন্দিরে তাঁকে প্রার্থনা করতে দেখা গিয়েছে। উত্তরাখণ্ডে তিনদিনের সফর সূচি রয়েছে কংগ্রেস নেতার। সূত্রের খবর, কেদারনাথ দর্শনের মধ্যে দিয়েই শুরু হচ্ছে তাঁর উত্তরাখণ্ড সফর। কংগ্রেসের তরফ থেকে সমাজমাধ্যমে একটি পোস্ট করে রাহুলের কেদারযাত্রার মুহূর্ত তুলে ধরা হয়েছে। তিনি দেশের সুখ শান্তির জন্য প্রার্থনা করেছেন, সেই বার্তাও দেওয়া হয়েছে হাত শিবিরের পক্ষ থেকে। উত্তরাখণ্ড সফর শুরুর আগে, শনিবার বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছিলেন। সঙ্গেই জানিয়েছিলেন কংগ্রেস ক্ষমতায় এলে সুবিধা পাবেন রাজ্যের কৃষকরা। ২৪-এর লোকসভা নির্বাচনের আগে ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন রাজনৈতিক দলগুলির জন্য বড় পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে তৎপর সব দল। একে একে বিজেপি, কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলি ৫ রাজ্যে তাদের নির্বাচনী ইশতিহার প্রকাশ করছে।