আজকাল ওয়েবডেস্ক: ‘চল চা খেয়ে আসি’, কলেজপাড়া থেকে অফিসপাড়া, সকাল থেকে সন্ধে পর্যন্ত এই কথা শোনা যায় হামেশাই। অনেকেই মাঝে-মধ্যেই বলে থাকেন বন্ধুকে, ‘চল চায়ের দোকান খুলি।‘ চা-প্রেম নিয়েও আলোচনা বহু দিনের। 

এসবের মাঝেই সামনে এসেছে মহারাষ্ট্রের এক চা বিক্রেতার কথা। যে প্রতি কাপ চা বিক্রি করেন মাত্র ৫ টাকায়। কিন্তু তাতেই বাজিমাত। মাসে লক্ষাধিক রোজাগার। জানা যাচ্ছে, চারপাশে বিপুল সংখ্যায় চায়ের দোকান থাকলেও, ওই ব্যক্তির বাজিমাতের কারণ তাঁর ‘বিজনেস ট্রিক।‘ 

ওই চা বিক্রেতার নাম মহাদেব নানা মালি। মহারাষ্ট্রেই তাঁর চায়ের দোকান। তৃতীয় শ্রেণি পাশ মহাদেব প্রায় দু’ দশক আগে তাঁর চায়ের দোকান খোলেন। দিনে অন্তত ৫০ থেকে ৬০ লিটার দুধের চা তৈরি করেন, তাতেও হিমশিম খেয়ে যান ক্রেতাদের যোগান দিতে। জানা গিয়েছে, একা মহাদেব নন, তাঁর স্ত্রী এবং সন্তানেরাও তাঁকে সাহায্য করেন চায়ের দোকানের কাজে। 

সর্বভারতীয় এক সংবাদ মাধ্যম জানাচ্ছে, প্রতিদিন অন্তত দেড় থেকে ২ হাজার কাপ চা বিক্রি করেন মহাদেব। এবং তাঁর চা বিক্রি করে দৈনন্দিন অন্তত ৭ থেকে ১০ হাজার টাকা রোজগার হয়।


বর্তমানে প্রযুক্তির রমরমা। আর তাতেও পিছিয়ে নেই তিনি। অনলাইনে চায়ের অর্ডার নেন, ঠিকানায় পৌঁছেও যায় তা সময়ে। এলাকার অন্তত ১৫ হাজার মানুষ তাঁর কাছে চা অর্ডার করে থাকেন নানা সময়ে। স্বল্পমূল্যে চা দোকানের শুরু, এই দ্রব্য মূল্য বৃদ্ধির সময়েও অল্প মূল্যে চা বিক্রিই তাঁর বিজনেস ট্রিক বলেই মত ক্রেতাদের। সঙ্গে তো রয়েছেই চায়ের স্বাদ।