আজকাল ওয়েবডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিপর্যস্ত বিমান পরিষেবা। সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু জানিয়েছেন, এই সংঘাতের আবহে ভারতীয় বিমান সংস্থাগুলি এ যাবৎ মোট ৪,৩৩৫টি উড়ান বাতিল করতে বাধ্য হয়েছে। একই সংকটে বিদেশি সংস্থাগুলির বাতিল হওয়া উড়ানের সংখ্যা ১,১৮৭।

আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় মধ্য এশিয়ার আকাশপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে। নিরাপত্তার খাতিরে ওই অঞ্চলের এয়ারস্পেস বা আকাশপথ বন্ধ রাখা হয়েছে। ফলস্বরূপ সরাসরি প্রভাব পড়ছে বিমান চলাচলে।

রাজ্যসভায় এই সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানান, যাত্রীসুরক্ষাই তাঁদের কাছে শেষ কথা। নাইডুর কথায়, “আকাশপথ বন্ধ থাকলে সেখানে বিমান চালানোর কোনও প্রশ্নই ওঠে না। আমাদের কাছে উড়ানের নিরাপত্তার গুরুত্ব সবথেকে বেশি।”

মন্ত্রী আরও জানান যে, তাঁর মন্ত্রক এবং ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গেও প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি বলেন, “যখনই সুযোগ পাওয়া গিয়েছে, তখনই আমরা বিমান চালিয়েছি। এই চরম সংকটের মধ্যেও প্রায় ২ লক্ষ ১৯ হাজার ৭৮০ জন যাত্রী যাতায়াত করেছেন।”

আপাতত বেশ কিছু রুটে আকাশপথ বন্ধ থাকলেও, তা খোলার জন্য সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলে আশ্বস্ত করেছেন মন্ত্রী। তবে তাঁর সাফ কথা, আকাশপথ নিরাপদ না হওয়া পর্যন্ত নিয়মিত পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়।