আজকাল ওয়েবডেস্ক: তারিখের পর তারিখ এসেছে। একটার পর একটা শুনানির দিন এসেছে। কিন্তু হাজিরা দিতে আসেননি বিজেপির প্রাক্তন সাংসদ স্বাধ্বী প্রজ্ঞা। এর জেরে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।
২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত ছিলেন স্বাধ্বী প্রজ্ঞা। একটি মোটর বাইক বিস্ফোরণ হয় সেদিন। সেখানে বোমা রাখা ছিল। এই বিস্ফোরণে মৃত্যু হয় ছয় জনের। জখম হন আরও অন্তত ১০০ জন। এই মামলায় তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে এনআইএ। কিন্তু লোকসভার সাংসদ সেটা এড়িয়ে যান।
সর্বশেষ শুনানি ছিল এই বছরের চার জুন দায়রা আদালতে। গরহাজির ছিলেন সেইদিন। তাঁর আইনজীবীরা জানান, অসুস্থ রয়েছে বিজেপির প্রাক্তন সাংসদ। চিকিৎসা চলছে স্বাধ্বীর। মেডিক্যাল সার্টিফিকেট জমা করে তারা জানান, শরীরে ডিটক্সিফিকেশনের জন্য পঞ্চকর্ম চিকিৎসা চলছে তাঁর। এটি একধরনের আয়ুর্বেদিক চিকিৎসা। এর আগে মার্চ মাসেও শুনানির দিন অনুপস্থিত ছিলেন তিনি। একবার বলেন দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা হয়েছে তাঁর। উন্নত চিকিৎসার জন্য ভোপাল থেকে মিরাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আদালতে অনুপস্থিত থাকার কারণ এবার আর গ্রাহ্য করেননি বিচারক। পরবর্তী শুনানিতে অতি অবশ্যই অভিযুক্তকে হাজিরা দিতে হবে এমনটাই জানিয়েছেন বিচারক। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাফ জানানো হয়েছে, আগামী ১৩ নভেম্বর হাজিরা দিয়ে এই জরিমানা দিলে তবেই বাতিল হবে গ্রেপ্তারি পরোয়ানা।
