আজকাল ওয়েবডেস্কঃ একটি পোল্ট্রি দোকানের কাছে প্রস্রাব করা নিয়ে বিবাদের জেরে এক ব্যক্তির হত্যা হয়েছে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এই ঘটনা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে৷ খবর পেয়ে তৎক্ষণাৎ পৌঁছয় পুলিশ । এই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম নীতিন সংকপাল। বৃহস্পতিবার রাতে তাঁর ভাই শচীন এবং তাঁদের বন্ধু দত্ত যাদবের সঙ্গে স্থানীয় একটি খাবারের দোকানে খাচ্ছিলেন।এরপর নিতীন একটি মুরগির দোকানের পিছনে প্রস্রাব করতে যান। তখন অভিযুক্তদের একজন, নান্না কুরেশি আপত্তি জানান। ক্রমেই এটি তর্ক-বিতর্কে রূপ নেয়। শচীন ও দত্তও এতে জড়িয়ে পড়েন। তিনজন লোক এবং কুরেশির মধ্যে বচসা শুরু হয়। রাগের বশে কুরেশি মাংস কাটার ব্যবহৃত ছুরি দিয়ে তিনজনকে আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাস্থলেই নিতীনের মৃত্যু হয়৷ শচীন ও দত্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্তদের নাম নান্না কুরেশি, সমীর খান, বাবর শেখ, সাজিদ ওরফে সাজ্জু কুরেশি এবং নাসির খান। তাদের বিরুদ্ধে তফসিলি জাতি, তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের বিভিন্ন ধারা - হত্যা, হত্যার চেষ্টা, বেআইনি সমাবেশ এবং দাঙ্গার অভিযোগে বিএনএস ধারায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তদন্ত জারি রয়েছে।
