আজকাল ওয়েবডেস্ক: বাজেটের দিনই সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্কিং এবং ডিজিটাল পেমেন্ট সম্পর্কিত বেশ কিছু নিয়ম পরিবর্তিত হয়েছে। এই বদলগুলি সরাসরি সাধারণ মানুষের পকেট এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে। 

শনিবার থেকে কোন কোন নিয়ম পরিবর্তন হয়েছে তা জেনে নেওয়া যাক।

বাড়ল এটিএম খরচ-
১ ফেব্রুয়ারি থেকে এটিএম থেকে নগদ টাকা তোলার খরচ বৃদ্ধি পেয়েছে। নতুন নিয়ম অনুসারে, এখন প্রতি মাসে মাত্র ৩ বার এটিএম থেকে বিনামূল্যে টাকা তোলা যাবে। এর পরে, প্রতিটি অতিরিক্ত লেনদেনের জন্য ২৫ টাকা করে ফি নেওয়া হবে, যা আগে ছিল ২০ টাকা ছিল। কেউ যদি নিজের ব্য়াঙ্কের পরিবর্তে অন্য কোনও ব্য়াঙ্কের এটিএম থেকে নগদ টাকা তোলেন, তাহলে প্রতি লেনদেনের জন্য ৩০ টাকা দিতে হবে। একদিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা তোলা যাবে।

এলপিজি সিলিন্ডারের দাম কমল-
তেল বিপণনকারী সংস্থাগুলি ১ ফেব্রুয়ারি থেকে ১৯ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭ টাকা কমিয়েছে। এই নিয়ে টানা দু'মাস এলপিজির দাম কমল। তেল বিপণনকারী সংস্থাগুলি প্রতি মাসের শুরুতে এলপিজি সিলিন্ডারের দাম সংশোধন করে। ২০২৪ সালের ১ অগাস্ট থেকে বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডারের (১৪ কেজি) দামে কোনও পরিবর্তন হয়নি।

ইউপিআই লেনদেনের নিয়মে পরিবর্তন-
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) ইউপিআই লেনদেন সম্পর্কিত নিয়ম সংশোধন করেছে। বিশেষ অক্ষর (যেমন @, #, $, ইত্যাদি) দিয়ে তৈরি ইউপিআই আইডি ১ ফেব্রুয়ারি থেকে গ্রহণ করা হচ্ছে না। এখন ইউপিআই ব্যবহারকারীদের শুধুমাত্র বর্ণানুক্রমিক অক্ষর ব্যবহার করে তাদের আইডি তৈরি করতে হবে। ডিজিটাল পেমেন্টের নিরাপত্তা বদ্ধির লক্ষ্যেই এই পরিবর্তন করা হয়েছে।

ন্যূনতম ব্যালেন্সে বদল-
১ ফেব্রুয়ারি থেকে, ন্যূনতম ব্যালেন্সের সীমা বদল হয়েছে। এখন অ্যাকাউন্টধারীদের সেভিংস অ্যাকাউন্টে উচ্চতর ন্যূনতম পরিমাণ রাখতে হবে। স্টেট ব্য়াঙ্ক অফ ইন্ডিয়াতে, অ্যাকাউন্টধারীদের এখন ৩০০০ টাকার পরিবর্তে ৫০০০ টাকা ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্যও, ন্যূনতম ব্যালেন্স ১০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৫০০ টাকা করা হল। ক্যানাডা ব্য়াঙ্কে ন্যূনতম ব্যালেন্সের সীমা ১০০০ টাকা থেকে বাড়িয়ে ২,৫০০ টাকা করা হয়েছে।