দেখতে দেখতে ৫০ বছর ‘গরুর গাড়ির হেডলাইট’ নাটকের। ১৯৭১-এ নাটকটির জন্ম দেন সরোজ রায়। সম্প্রতি অ্যাকাডেমিতে নাটকটির ১৩৪০তম শোটি মঞ্চস্থ হল। টলিউডের জোর গুঞ্জন, ‘বল্লভপুরের রূপকথা’র পরে নাকি এই নাটকটি বড়পর্দায় আনতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজক এসভিএফ। মঞ্চাভিনয় দিয়েই অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন অনির্বাণ। বড়পর্দা, ছোটপর্দা, সিরিজেও তাঁর অনায়াস গতিবিধি। কিন্তু মঞ্চকে ভুলতে পারেন না তিনি। তাই সুযোগ পেলেই মঞ্চাভিনয়ে ফিরে যান। তাঁর পরিচালনায় মঞ্চ উঠে আসে পর্দায়।

অনির্বাণে প্রথম পরিচালনা নাটক ‘ম্যাকবেথ’-এর রূপান্তর সিরিজ ‘মন্দার’। সেখানে একঝাঁক নাটকের দুনিয়ার অভিনেতা চমক দেখিয়েছিলেন পর্দায়। ‘বল্লভপুরের রূপকথা’তেও তার ব্যতিক্রম হয়নি। অনির্বাণ পরিচালনা করেছিলেন সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, দেবরাজ ভট্টাচার্য-সহ একমুঠো মঞ্চশিল্পীদের। এবারেও কি তেমনটাই হতে চলেছে? জানা যায়নি। কারণ, পরিচালক এবং প্রযোজনা সংস্থা মুখে কুলুপ এঁটেছেন।

প্রসঙ্গত, এই নাটকে রাজনীতির প্রসঙ্গ নেই। কোনও প্রপসের ব্যবহার নেই। নাটকে একটি মাত্র গান। দর্শকমনে নির্মল আনন্দ ছড়িয়ে দেওয়াই ছিল সরোজ রায়ের একমাত্র উদ্দেশ্য। সম্ভবত সেই জায়গা থেকেই ‘গরুর গাড়ির হেডলাইট’ আজও জনপ্রিয়। তবে ‘বল্লভপুরের রূপকথা’য় অনির্বাণ একাধিক গান রেখেছিলেন। এবং সেই গানগুলো জনপ্রিয়। বিশেষ করে, ‘সাজো সাজাও এমন করে’ গানটি লোকের মুখে মুখে ফিরেছে। এই ছবিতেও গানের উপর আলাদা গুরুত্ব দেবেন পরিচালক? জানা যায়নি সেটাও।