পরিচালক ফারহান আখতারের ‘ডন ৩’ ছবি থেকে হঠাৎ সরে দাঁড়িয়ে বড় বিপাকে পড়েছেন বলিউড তারকা রণবীর সিং। এই ঘটনার জেরে ‘ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ’ (এফডব্লিউআইসিই) রণবীরকে ব্যান করেছে!

গত সপ্তাহে সংগঠনটি এই বিষয়ে বৈঠকে বসে এবং সোমবার একটি সংবাদ সম্মেলন করে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয়। বলিউডের ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি করা হয়েছে। এর মানে হল, প্রযোজকদের দাবি করা ৪৫ কোটি টাকার ক্ষতিপূরণের ঝামেলা যতক্ষণ না মিটছে, ততক্ষণ ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ রণবীরের সঙ্গে কাজ করতে পারবেন না।

একেবারে শেষ মুহূর্তে এসে রণবীরের এভাবে ছবি ছেড়ে চলে যাওয়ার কড়া সমালোচনা করেছে এই সংগঠন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, 'ফেডারেশন দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সমগ্র চলচ্চিত্র জগৎ একটি যৌথ পরিবার হিসেবে কাজ করে, যেখানে বিভিন্ন ক্রাফট এবং বিভাগের সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তি একটি প্রজেক্টের সফল সৃষ্টির জন্য সম্মিলিতভাবে অবদান রাখেন।'

রণবীরের মতো তারকার এমন আচরণে ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি আরও জানিয়েছে, 'ফেডারেশন সমস্ত শিল্পী, টেকনিশিয়ান, প্রযোজক, পরিচালক এবং প্রতিটি ক্রাফটের সদস্যদের পারস্পরিক বিশ্বাস, পেশাদার প্রতিশ্রুতি, সম্মান এবং যৌথ দায়িত্বের বন্ধনে আবদ্ধ একটি পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। ফেডারেশন আরও বিশ্বাস করে যে, একদম শেষ মুহূর্তে এসে সিনিয়র এবং প্রতিষ্ঠিত অভিনেতাদের এভাবে হঠাৎ প্রজেক্ট থেকে সরে যাওয়া বিনোদন জগতের স্থায়িত্ব এবং কাজের পরিবেশের জন্য এক মারাত্মক ক্ষতি।"

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফেডারেশন যখন এই বিরোধ মেটাতে মধ্যস্থতা করতে এগিয়ে আসে, তখন রণবীর এফডব্লিউআইসিই-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে রাজি হননি। তাঁর মতে, এই সমস্যার সমাধানের জন্য আরও উপযুক্ত কোনও ফোরাম বা মঞ্চের প্রয়োজন। তবে বর্তমানে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশ জারি থাকা সত্ত্বেও ফেডারেশন জানিয়েছে যে, তারা একটি সৌহার্দ্যপূর্ণ সমাধান খুঁজে বের করার জন্য অভিনেতার সঙ্গে বিষয়টি নিয়ে আরও আলোচনা করতে প্রস্তুত আছে। তবে এখনও পর্যন্ত ফেডারেশনের এই সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেননি রণবীর সিং।