শোকের ছায়া অভিনেত্রী, পরিচালক অপর্ণা সেনের জীবনে। বোন অনুরাধা লাহিড়িকে হারালেন তিনি। বোনের মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন অপর্ণা সেন। সমাজমাধ্যমে বোনের সঙ্গে একটা ছবি ভাগ করেছেন তিনি। সেই সঙ্গে এক আবেগঘন লেখায় এই শোকবার্তা ভাগ করেছেন। একসঙ্গে ছোট থেকে বড় হয়ে ওঠা, এত স্মৃতি সব হারিয়ে শোকস্তব্ধ অপর্ণা সেন।
অপর্ণা সেন লেখেন, 'বিদায়, আমার ভালবাসা।গত ২৩শে মে আমরা রত্নাকে হারিয়েছি। আমি হারালাম আমার ছোটবেলার সঙ্গী, আমার সেই বোনকে যার সঙ্গে জীবনের সবকিছু ভাগ করে নিয়েছিলাম। সে ছিল আমার দেখা সবচেয়ে মিষ্টি, আন্তরিক এবং স্নেহময়ী বোন ও বন্ধু! যতদিন না ওপারে আবার আমাদের দেখা হচ্ছে, ততদিন রত্না আমার হৃদয়ে, আমার ভেতরেই বেঁচে থাকবে। আবার দেখা হবে রত্না…।'
অপর্ণা সেনের বোন অনুরাধার ডাকনাম রত্না। আর অভিনেত্রী,পরিচালকের ডাকনাম রীনা। মায়ের এই পোস্টে মেয়ে কঙ্কনা সেন শর্মা কমেন্টে লেখেন 'রীনা-রত্না'। সঙ্গে জোড়েন লাল হৃদয়ের ইমোজিও। অনেকেই অপর্ণা সেনের এই পোস্টে শোক জ্ঞাপন করেছেন।
জানা যাচ্ছে, ২৩ মে রাত সাড়ে আটটায় গুরুগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রত্না। জানা যায়, ২০২২ সালে নাকি স্ট্রোক হয়েছিল রত্নার। তারপর থেকেই শারীরিকভাবে আর সেভাবে সুস্থ হননি তিনি। রোগপ্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল তাঁর। এরপর কিছুদিন ধরেই একবারে শয্যাশায়ী ছিলেন রত্না। তারপর শেষরক্ষা আর হয়নি। ২৩ মে মৃত্যু হয় তাঁর। প্রসঙ্গত, অপর্ণারা আসলে তিন বোন। রত্না ও লক্ষ্মীর দিদি অপর্ণা সেন। এক বোনকে হারিয়ে তাই খুব ভেঙে পড়েছেন তিনি।















