পিছোল ‘পতি পত্নী অর ওহ ২’র মুক্তি
মুক্তি পিছোল বহু প্রতীক্ষিত ছবি ‘পতি পত্নী অর ওহ ২’। এর আগে ঠিক ছিল ৪ মার্চ প্রেক্ষাগৃহে আসবে আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি। কিন্তু শেষমুহূর্তে বদলাল সেই পরিকল্পনা। নতুন সূচি অনুযায়ী, মুদাস্সির আজিজ পরিচালিত এই কমেডি-ড্রামা এবার দর্শকদের সামনে আসবে ১৫ মে, ২০২৬।আয়ুষ্মানের সঙ্গে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সারা আলি খান, ওয়ামিকা গাব্বি এবং রকুল প্রীত সিং। ছবিটি প্রযোজনা করেছেন ভূষণ কুমার ও রেণু রবি চোপড়া, আর ক্রিয়েটিভ প্রযোজকের দায়িত্বে রয়েছেন জুনো চোপড়া।
কয়েকদিন আগেই জানা গিয়েছিল, ছবির মুক্তি পিছোনোর মূল কারণ হল পোস্ট-প্রোডাকশনের কাজ এখনও সম্পূর্ণ না হওয়া। পাশাপাশি ছবির একটি গান এখনও শুট বাকি। সেই রিপোর্টে ইন্ডাস্ট্রির এক সূত্রের বক্তব্য তুলে ধরা হয়, “পরিকল্পনা অনুযায়ী ৪ মার্চ মুক্তি পাচ্ছে না ‘পতি পত্নী অর ওহ ২’। পোস্ট-প্রোডাকশন শেষ হয়নি, একটি গানের শুট এখনও বাকি। নির্মাতারা জানেন, তাঁরা একটি বিশেষ ছবি বানিয়েছেন, তাই তাড়াহুড়ো করতে চান না। দর্শকদের জন্য ছবিটিকে আরও আকর্ষণীয় ও বিনোদনমূলক করে তুলতেই সময় নিচ্ছেন তাঁরা।”সূত্র আরও জানায়, শুধুমাত্র নির্ধারিত তারিখ ধরে রাখার জন্য ছবির গুণমানে কোনও আপস করতে রাজি নন নির্মাতারা। সেই কারণেই মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত। প্রসঙ্গত, ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘পতি পত্নী অর ওহ’-এ মুখ্য ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান, ভূমি পেডনেকর ও অনন্যা পাণ্ডে। সেই ছবি বক্স অফিসে ভাল সাফল্য পেয়েছিল।
‘ব্যবসায়ী’ সুনীল
নতুন ক্রাইম-থ্রিলারের পথে হাঁটতে চলেছেন সুনীল শেট্টি। বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা এবার বাস্তব জীবনের এক ভয়ঙ্কর অথচ বিস্ময়কর গল্পকে ওয়েব সিরিজে রূপ দেওয়ার কথা ভাবছেন। শোনা যাচ্ছে, জনপ্রিয় বই ‘ব্ল্যাক স্করপিয়ন: টু হেল অ্যান্ড ব্যাক’-এর স্বত্ব নেওয়া নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করেছেন তিনি।
এই বইয়ের কেন্দ্রে রয়েছে শ্যাম কিশোর গারিকাপাটি -আশি ও নব্বইয়ের দশকে মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডে যার নাম ছিল রীতিমতো আতঙ্কের সমার্থক। পুলিশের খাতায় যিনি পরিচিত ছিলেন ‘ব্ল্যাক স্করপিয়ন’ নামে। তবে এই গল্প শুধু অপরাধজগতের নয়, বরং অপরাধ থেকে আত্মপরিবর্তনের এক বিরল যাত্রাপথের দলিল, যেখানে এক সময়ের দাগি অপরাধী শেষ পর্যন্ত হয়ে ওঠেন সফল ব্যবসায়ী।খবর, এইমুহূর্তেএই বইটি নিয়ে গভীরভাবে চর্চা করছেন সুনীল শেট্টি। শুধু প্রযোজক বা অধিকার নেওয়ার আগ্রহেই সীমাবদ্ধ নন তিনি বরং এই সিরিজে গারিকাপাটির চরিত্রে নিজেই অভিনয় করার কথাও ভাবছেন অভিনেতা। যদি সেটাই বাস্তবায়িত হয়, তাহলে দীর্ঘদিন পর আবারও একেবারে রাফ-টাফ, বাস্তব ঘরানার ক্রাইম ড্রামায় দেখা যাবে সুনীল শেট্টিকে।
বেঁচে গেল ‘ও’ রোমিও’
শাহিদ কাপুর অভিনীত ছবি ‘ও’ রোমিও’-র মুক্তি ঘিরে চলা আইনি জটিলতায় বড়সড় স্বস্তি পেলেন ছবির নির্মাতারা। মুম্বইয়ের একটি সেশনস কোর্ট স্পষ্ট জানিয়ে দিল, এই ছবির মুক্তিতে কোনও স্থগিতাদেশ দেওয়া হবে না। ফলে আগামী ১৩ ফেব্রুয়ারি নির্ধারিত দিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
প্রয়াত মুম্বইবাসী হুসেন উস্তারার পরিবারের তরফে এই ছবি নিয়ে আপত্তি জানানো হয়েছিল। উস্তারার কন্যা সানোবর শেখ আদালতে দাবি করেন, ছবিটি নাকি তাঁর বাবার জীবন অবলম্বনে তৈরি এবং সেখানে তাঁকে এক জন গ্যাংস্টার হিসেবে দেখানো হয়েছে, যা তাঁর বাবার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। সেই অভিযোগের ভিত্তিতেই ছবির মুক্তি আটকানোর আবেদন জানানো হয়।
তবে সেই আবেদন খারিজ করে দেয় মুম্বই সেশনস কোর্ট। অতিরিক্ত সেশনস বিচারপতি এইচ সি শেন্দে স্পষ্ট করে জানান, এই মামলায় ছবির মুক্তি আটকে দেওয়ার মতো কোনও কারণ আদালত দেখছে না। যদিও বিচারপতি একইসঙ্গে এটাও পরিষ্কার করেন, এই আদেশ চলমান দেওয়ানি মামলার উপর কোনও প্রভাব ফেলবে না।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়,“নোটিস অফ মোশন খারিজ করা হল। একইসঙ্গে স্পষ্ট করা হচ্ছে, এই আদেশে যে মন্তব্যগুলি করা হয়েছে, তা প্রাথমিক পর্যবেক্ষণ মাত্র এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না।”এই রায়ের ফলে আপাতত ‘ও’ রোমিও’–র মুক্তির পথে থাকা সবচেয়ে বড় আইনি বাধা সরে গেল। শাহিদ কাপুরের এই ছবি ঘিরে যে কৌতূহল ও আলোচনা তৈরি হয়েছিল, আদালতের সিদ্ধান্তের পর তা আরও বেড়েছে বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
