অর্চনা পূরণ সিং সম্প্রতি তাঁর দুই ছেলে আর্যমান এবং আয়ুষ্মান শেঠিকে নিয়ে কমেডিয়ান সময় রায়নার বাড়িতে একটি ভ্লগের শুটিং করতে গিয়েছিলেন। সেই ঘরোয়া আড্ডার মাঝেই সময় যখন নিজের বাড়ি ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তখন তিনি তাঁর মাকে ভিডিও কল করেন। আর সেই কল চলাকালীনই সময়ের মা সুনীল পালকে নিয়ে এমন এক রসিকতা করেন যা বর্তমানে বেশ চর্চায়।
ভিডিও কলে অৰ্চনাকে দেখে সময়ের মা আপ্লুত হয়ে বলেন, "আপনাকে তো আমরা রোজ দেখি!" তখন অৰ্চনা সৌজন্য দেখিয়ে বলেন, "ধন্যবাদ। সময় বলছিল আপনার নাকি শরীরটা ভাল নেই?" এর জবাবে সময়ের মা মজার ছলে বলেন, "হ্যাঁ, একটু অসুস্থ, বমি হয়েছে।" সময় তখন তাঁর মাকে জিজ্ঞেস করেন, "কী এমন দেখে ফেললে যে বমি হল?" সঙ্গে সঙ্গে ছেলেকে তিনি উত্তর দেন, "কিছু না, সুনীল পালের মুখ দেখেছি ফেলেনি!"
এই কথা শুনে অৰ্চনা এবং সময় দু'জনেই হেসে লুটোপুটি খান। অৰ্চনা রসিকতা করে বলেন, "এবার বুঝলাম সময়ের সেন্স অফ হিউমারটা ঠিক কার থেকে পাওয়া! কী মারাত্মক রসিকতা করলেন আপনি!"
কিন্তু হঠাৎ অন্য একজন জনপ্রিয় কমেডিয়ানকে নিয়ে কেন এমন বললেন সময়ের মা? আসলে পরে সময় রায়না অৰ্চনাকে বুঝিয়ে বলেন যে, সুনীল পাল আগে সময়ের সম্পর্কে বেশ কিছু কটু কথা বলেছিলেন, সম্ভবত সেই রাগ থেকেই তাঁর মা এমনটা বলেছেন।
উল্লেখ্য, গত বছর একটি বিতর্কের জেরে সুনীল পাল এক সাক্ষাৎকারে সময় রায়না এবং রণবীর এলাহাবাদিয়াকে 'সন্ত্রাসবাদী' বলে আখ্যা দিয়েছিলেন এবং তাঁদের কঠোর শাস্তির দাবি করেছিলেন। যদিও পরবর্তী সময়ে সুনীল এবং সময়ের মধ্যে সম্পর্কের বরফ গলেছিল এবং তাঁরা একসঙ্গে একটি বিজ্ঞাপনে কাজও করেছিলেন, কিন্তু এই ভ্লগটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সময়ের মা এখনও সুনীল পালের সেই পুরনো আচরণ ভুলতে পারেননি।
এতদিন সময় রায়না নানা মন্তব্যের কারণে নেটিজেনদের রোষের মুখে পড়তেন। এর আগে একাধিকবার তাঁর মন্তব্য ও আচরণের কারণে নেটপাড়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে এবার সুনীল পালকে নিয়ে করা রসিকতার জেরে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়েছেন সময়ের মা-ও।
