আজকাল ওয়েবডেস্ক: সূর্য ভাই বললেন আসতে, তাই চলে এলাম। 

মহম্মদ সিরাজ বলেছেন ভারত অধিনায়ক সম্পর্কে। সূর্যের ডাক অস্বীকার করতে পারলেন না হায়দরাবাদি পেসার। 

সিরাজ বলছেন, ''অত্যন্ত আবেগ নিয়ে জড়িয়ে ধরেছিল সূর্য ভাই। আইপিএলে সূর্য ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তার পর আর দেখা হয়নি সূর্য ভাইয়ের সঙ্গে। এখন আবার দেখা হল। বিশ্বকাপে খেলছি।'' 

তিনি যে বিশ্বকাপ খেলবেন, তা বোধহয় আগেই লেখা হয়ে গিয়েছিল। সেই লেখা আর খণ্ডাবে কে! 

১৫ ফেব্রুয়ারি রিয়াল মাদ্রিদের খেলা দেখবেন বলে স্থির করে ফেলেছিলেন। শেষমুহূর্তে হর্ষিত রানা ছিটকে যাওয়ায় দলে ঢুকে পড়েন সিরাজ। 

সূর্যকুমার যাদবের কাছ থেকে ফোন পেয়ে প্রথমটায় তিনি অবাক হয়ে যান। বুঝতেই পারেননি বিশ্বকাপের স্কোয়াডে তাঁকে ডাকা হচ্ছে। সূর্যকে বলেই ফেলেন, ''ক্যাপ্টেন মজা করো না।'' 

ভারতীয় স্কোয়াডে তিনি যোগ দিতেই সূর্যকুমার যাদব জড়িয়ে ধরেন সিরাজকে। হায়দরাবাদি পেসার বলছেন, ''প্রথম ম্যাচ খেললাম, পারফরম্যান্সও করলাম। পরের ম্যাচগুলোয় একই ভাবে খেলে যেতে হবে।'' 

তিনি বিশ্বাসই করেননি এবারের বিশ্বকাপ খেলবেন। গতবার ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন সিরাজ। এবার তিনি ঘোষিত দলেই ছিলেন না। কিন্তু হর্ষিত রানা ছিটকে যাওয়ায় সুযোগ এসে যায় তাঁর সামনে। তাই সিরাজ বলছেন, ''যা কপালে লেখা হয়ে গিয়েছে, তা আর খণ্ডাবে কে।'' 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। এর পরে ১২ তারিখ  দিল্লিতে রয়েছে সূর্যকুমার যাদবদের পরবর্তী খেলা। তার আগে সময় রয়েছে। বিশ্রাম নিয়ে নিজেদের তরতাজা করে মাঠে নামতে পারবেন সূর্য-সিরাজরা।