সাই পল্লবী ও জুনায়েদে খানের অভিনীত ছবি ‘এক দিন’-এর প্রথম ঝলক মুক্তির পর থেকেই তার প্রেমে পড়েছে দর্শক। ম্যাজিকাল রোম্যান্স, মিষ্টি আবহ আর নায়ক-নায়িকার রসায়ন -সব মিলিয়ে অল্প সময়েই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ছবিটি। সুনীল পাণ্ডে পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন মনসুর খান, আমির খান ও অপর্ণা পুরোহিত। আগামী ১ মে মুক্তি পেতে চলেছে ‘এক দিন’।এর মধ্যেই এল ছবির সঙ্গে জড়িত সবচেয়ে বড় চমক। আমির খান প্রোডাকশনস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ‘এক দিন’-এর গানে কণ্ঠ দিচ্ছেন আরিজিৎ সিং। ফলে বহু প্রতীক্ষিত এক মিউজিক্যাল যুগলবন্দির অপেক্ষা শুরু হয়ে গেল।

প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, এই গানের জন্য আমির খান নিজে আরিজিতের সঙ্গে কাজ করেছেন আর সেই মিউজিক সেশন হয়েছে অরিজিতের নিজের শহরেই। এখানেই শেষ নয়। কিছুদিন আগেই প্লেব্যাক গান থেকে সরে যাওয়ার ইঙ্গিত দেওয়ার পর অরিজিতের সঙ্গে আমিরের সাক্ষাৎ ঘিরে জোর চর্চা শুরু হয়েছিল। অনেকেই মনে করেছিলেন, আরিজিৎকে ‘ফিরিয়ে আনতেই’মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়িতে হাজির হয়েছিলেন আমির।

এবার সেই সব জল্পনার ইতি। সত্যিই সেই সাক্ষাৎ ছিল ‘এক দিন’ ছবির গান নিয়েই। অরিজিৎ সিং ফের একবার আমির খানের ছবিতে কণ্ঠ দিচ্ছেন -এটাই এখন চূড়ান্ত। সোশ্যাল মিডিয়ায় খবরটি ভাগ করে নিয়ে প্রযোজনা সংস্থার তরফে লেখা হয়েছে, “ এক দিন ছবির গানে যেভাবে তুমি হৃদয় উপুড় করে দিয়েছ, তার জন্য তোমাকে ধন্যবাদ অরিজিৎ। ”

এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে সাই পল্লবী ও জুনায়েদে খানকে। ‘এক দিন’-এর গল্পে জুনায়েদেকে দেখা যাবে খানিকটা অপ্রস্তুত, লাজুক এক তরুণের চরিত্রে। অন্যদিকে সাই পল্লবী থাকছেন আত্মবিশ্বাসী এক তরুণীর ভূমিকায়। টিজারেই ধরা পড়েছে তাঁদের রসায়ন, যা একেবারে ফ্রেশ, মিষ্টি এবং চোখে পড়ার মতো।

‘এক দিন’ আরও এক কারণে বিশেষ। দীর্ঘ বিরতির পর এই ছবির হাত ধরেই আমির খান ও মনসুর খানের রিইউনিয়ন। এর আগে এই আইকনিক জুটি উপহার দিয়েছে ‘কয়ামত সে কয়ামত তক’, ‘জো জিতা ওহি সিকন্দর’, ‘আকেলে হম আকেলে তুম’, ‘জানে তু… ইয়া জানে না’-এর মতো জনপ্রিয় সব ছবি। আবারও রোম্যান্টিক গল্পে তাঁদের একসঙ্গে ফেরা স্বাভাবিকভাবেই প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে বহু গুণ।

 

&t=313s

 

সব মিলিয়ে, সাই পল্লবী-জুনায়েদের নতুন জুটি, আরিজিতের কণ্ঠে প্রেমের সুর আর আমির-মনসুরের নস্টালজিক রিইউনিয়ন ‘এক দিন’ এখন থেকেই ২০২৬ সালের অন্যতম প্রতীক্ষিত রোম্যান্টিক ছবি হয়ে উঠছে।