টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

ওরির রোজগার!
তিনি তারকাদের নয়নের মণি। কিন্তু সাধারণ মানুষেরও কী? অনেকেই নাকি তাঁকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। সামান্য লোক ভাবেন। যাঁরা ভাবেন তাঁদের উদ্দেশ্যে এই প্রথম উপার্জনের পরিমাণ জানালেন অরহান আওয়াত্রমানি ওরফে ওরি। সম্প্রতি, তিনি জানিয়েছেন দিনে তিনি নাকি ৫০ লক্ষ টাকা উপার্জন করেন। তাও আবার কোনও কাজ করে নয়। কেবল উদ্বোধনে, অনুষ্ঠানে উপস্থিত থেকে! সেখানে নাকি এমনই বাজারদর তাঁর। আর তিনি কাজ করতেও চান না। কারণ, তিনি কাজ করাকে ঘৃণা করেন।

সৌজন্য দেখিয়ে মামলা
এমনটাই হয়েছে অল্লু অর্জুনের সঙ্গে। শনিবার অন্ধ্রপ্রদেশের নান্দিয়ালে পুলিশ নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধে বন্ধু এবং ওয়াইএসআরসিপি বিধায়ক সিলপা রবির বাড়ি যাওয়ার জন্য মামলা দায়ের করেছে। অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা আসনের ভোট ১৩ মে। সিলপা রবি নন্দিয়াল থেকে পুনরায় মনোনয়ন চেয়েছেন। এদিকে "পুষ্প"-খ্যাত অভিনেতা নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই বিধায়কের বাড়িতে গিয়েছিলেন। এই কারণেই শনিবার সন্ধ্যায় তাঁর এবং ওয়াইএসআরসিপি প্রার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

AI—এর জালে অভিনেতা? 
অভিনেতা অনুপ সোনি রবিবার তাঁর একটি ডিপ ফেক ভিডিও অনলাইনে প্রচারিত হওয়া নিয়ে অনুরাগীদের সতর্ক করেছেন। যা নাকি আদতে আইপিএল অনলাইন জালিয়াতির সঙ্গে যুক্ত। "ক্রাইম পেট্রোল" শো থেকে ক্লিপ নিয়ে তাঁর গলা নকল করেছে প্রযুক্তি। সেই কণ্ঠ দর্শকদের একটি টেলিগ্রাম গ্রুপে যোগদানের জন্য অনুরোধ জানিয়েছে। যা একেবারেই অনৈতিক। ঘটনা জানার পরেই কেউ যাতে অজান্তে বেটিং চক্রের শিকার না হন তার জন্য সবাইকে সাবধান করেন অনুপ।