সম্প্রতি তিশা শর্মা নামক একজন খ্যাতনামা মডেল তথা প্রাক্তন মিস পুনের দেহ তাঁর ভোপালের বাড়ি থেকে গত সপ্তাহে রহস্যজনক ভাবে উদ্ধার করা হয়েছে। তাঁর আসল বাড়ি নয়ডায়। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশই ঘনাচ্ছে রহস্যর জাল। একই সঙ্গে চলছে দায় এড়ানো, দোষ চাপানোর পালা।
একদিকে তিশার শ্বশুর বাড়ির তরফে বলা হচ্ছে, প্রয়াত মডেল নিজেই বারংবার জানাতেন, তাঁর বাবা মা তাঁকে জোর করতেন গ্ল্যামার দুনিয়ার সঙ্গে জুড়ে থাকার জন্য। অনেক অল্প বয়স থেকেই তাঁকে এই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। শুধু তাই নয়, তিশার শাশুড়ি গিরিবালা সিং জানিয়েছেন, তাঁর পরিবার মেয়েকে ব্যবহার করে তাঁর রোজগারে চলতেন। বিগত কয়েক বছর ধরেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিশা। বর্তমানে তাঁদের বৌমার বাড়ির তরফে নিজেদের দায় ঝেড়ে ফেলার জন্য তাঁদের ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও জানান গিরিবালা।
যদিও তিশার পরিবারের তরফে এই দাবি অস্বীকার করা হয়েছে। উল্টে তাঁদের দাবি এসব বলে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তাঁরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার দাবি করেছেন। কোর্টের দ্বারস্থ হয়েছেন মেয়ের পুনরায় পোস্টমর্টেম করার জন্য। এখন তদন্তকারী দলের তরফে সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করা হচ্ছে, চলছে বয়ান রেকর্ড করার পালা।
এদিন তিশার মা বাবার তরফে যিনি আইনজীবী তিনি জানিয়েছেন তাঁরা কোর্টের কাছে দ্বিতীয় ময়নাতদন্তের আবেদন করেছেন। তিশার আত্মীয়রা জানিয়েছেন, তাঁর দেহে একাধিক ক্ষত রয়েছে। তাঁদের দাবি এই ক্ষতগুলো তাঁর মৃত্যুর আগেই হয়েছে।














