বড়পর্দায় সাহসী দৃশ্য থেকে ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম–বিচ্ছেদ, এমনকী ‘বিগ বস ৭’-এর বিতর্কিত দিনগুলো— সবসময়েই আলোচনার কেন্দ্রে থেকেছেন অভিনেত্রী তনিশা মুখার্জি। সদ্য প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি খুলে বললেন নিজের অতীতের প্রেম, মানসিক টানাপোড়েন এবং তাঁর জীবনে মায়ের দৃঢ় উপস্থিতির কথা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তনিশা অকপটে জানালেন, তাঁর জীবনের সবচেয়ে কষ্টের বিচ্ছেদটা কিন্তু আরমান কোহলির সঙ্গে নয়, বরং উদয় চোপড়ার সঙ্গে ছিল!
আরমানের প্রসঙ্গ টেনে তনিশা বলেন,“ওর সঙ্গে বিচ্ছেদটা খুব বেশি কষ্ট দেয়নি। বরং উদয়ের সঙ্গে সম্পর্ক ভাঙাটা খুব কষ্ট দিয়েছিল আমাকে।মানসিকভাবে অনেকটাই ভেঙে দিয়েছিল আমাকে। আসলে, আমরা বহু বছর ধরে একে অপরকে চিনতাম, বন্ধুত্ব ছিল, সম্পর্কটা ছিল খুব ঘনিষ্ঠ।”

তবে দুঃখ-কষ্টে ডুবে না থেকে তনিশা নিজেকে সবসময় ইতিবাচক রাখার চেষ্টা করেন। তাঁর কথায়,
“আমি এমন মানুষ, যে সবসময় জীবনের উজ্জ্বল দিকটা দেখতে ভালবাসে। মনে করি, যেটা হয়, ভাল হওয়ার জন্যই হয়। প্রেমে পড়ার অনুভূতিটা আমি খুব উপভোগ করি, আর সেই অভিজ্ঞতাগুলোও আমি সযত্নে আগলে রাখি”।
তানিশা আরও জানান, জীবনে যখনই মানসিক বা পেশাগত ধাক্কা এসেছে, তখন শক্তি জুগিয়েছেন মা তনুজা। বন্ধুবান্ধবদের কাছে পেশাগত পরামর্শ খুব একটা চান না তিনি। কারণ, তাঁর মতে, ফিল্ম ইন্ডাস্ট্রির জটিলতাকে খুব কম মানুষই সত্যিকারের বুঝতে পারেন।
২০০৩ সালে ‘শশশ…’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন তনিশা। এরপর ‘সরকার’, ‘নীল ’এন’ নিকি’ এবং তামিল হিট ‘উন্নালে উন্নালে’ তাঁকে জনপ্রিয়তা এনে দেয়, এমনকি তাঁকে বিজয় অ্যাওয়ার্ডের মনোনয়নও এনে দেয়। তবে সর্বাধিক চর্চায় আসেন ২০১৩ সালে, ‘বিগ বস ৭’-এ প্রথম রানার-আপ হওয়ার পর। সেই সময় আরমান কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক শিরোনাম হয়েছিল। পরে তিনি বিচারকের আসনে বসেন কমেডি শো ‘গ্যাংস অফ হাসিপুর’-এ।
সম্পর্ক, বিচ্ছেদ আর নতুন করে উঠে দাঁড়ানোর গল্প—তনিশার সাম্প্রতিক এই স্বীকারোক্তি যেন বলিউডের রঙিন দুনিয়ার আড়ালে এক নারীর লড়াই আর দৃঢ়তারই প্রতিচ্ছবি।
