স্টার জলসায় শুরু হয়েছে 'ভোলেবাবা পার কারেগা'র নতুন সিজন। এই সিজনের গল্প আগেরটার থেকে একেবারেই আলাদা। এবার গল্প এগোচ্ছে উজান, কুইন ও রত্নজিৎকে নিয়ে।সম্প্রতি, জানা গিয়েছে বদলে যাচ্ছে এই ধারাবাহিকের সময়। প্রথমে বিকেল সাড়ে পাঁচটায় সম্প্রচারিত হলেও পরে রাত সাড়ে দশটার স্লটে পাঠানো হয়েছিল এই ধারাবাহিককে। কিন্তু এখন আবার সাড়ে পাঁচটার স্লটেই দেখা যাবে 'ভোলেবাবা পার কারেগা'। ১৬ মার্চ থেকে এই পরিবর্তন হতে চলেছে। অন্যদিকে, এই স্লটে এতদিন দেখা যেত 'শুধু তোমারই জন্য'। এবার তা চলে যাচ্ছে সাড়ে দশটার সময়ে। 

 

সময় পরিবর্তনের প্রোমোতে দেখা যাচ্ছে কুইন রান্না করে নিয়ে আসার সময় তার পা পিছলে যায়। আর সমস্ত খাবার তার শ্বশুরবাড়ির লোকের গায়ে ছিটকে পড়ে। কেউ কিছু না বললেও উজানকে দেখে ভয় পেয়ে যায় কুইন। কিন্তু উজানও এই কাণ্ড দেখে আড়ালে হাসতে থাকে। গল্পের নতুন মোড়ে বেশ জমে উঠেছে এই ধারাবাহিক। 

 

'ভোলেবাবা পার কারেগা' ধারাবাহিকের গল্প অনুযায়ী, রত্নজিৎ ও কুইন এক সময় একে অপরকে ভালবাসত। তাদের ভালবাসা এখনও ফিকে হয়ে যায়নি। তবে রত্নজিৎ চাকরি না পাওয়ার জন্য কুইনের বাড়ি থেকে তার অন্য পাত্র দেখে বিয়ে ঠিক করে। ফলে কুইন নিজের ভালবাসা ভুলে বিয়েতে রাজিও হয়, কিন্তু মন পড়ে থাকে তার রত্নজিতের কাছেই। 

এদিকে, কুইনের বিয়ে ঠিক হয় উজানের সঙ্গে। উজান রগচটা মানুষ। নিজের মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে তেমন ভাল সম্পর্ক নেই। বিয়েতেও একপ্রকার জেদের বশেই রাজি হয় সে। এদিন প্রোমোতে দেখা যায়, রত্নজিৎ কুইনকে বলছে যে, সে তো তাকে ভালবাসে। তার সঙ্গে মনের মিল রয়েছে, অন্যের সঙ্গে কীভাবে সংসার করবে? কুইন সব শুনেও ফিরিয়ে দেয় রত্নজিৎকে। বিয়ের পরে যদিও একটু একটু করে বদলে যাচ্ছে কুইনের জীবন। উজানের পরিবারের সঙ্গে বেশ‌ বনিবনা হয়ে গিয়েছে তার। উজান বরাবরই বদমেজাজি। তাই কুইনের সঙ্গে তার ভাব না হলেও স্ত্রীর যোগ্য সম্মান থেকে তাকে বঞ্চিত করেনি‌‌। দু'জনেই অজান্তেই একে অপরের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে।

 

আগে এই মেগায় দেখা যেত অভিনেতা নীল ভট্টাচার্য ও অভিনেত্রী মধুমিতা সরকারকে। তাঁদের গল্প ফুরোতেই এই ধারাবাহিকের নতুন সিজন শুরু হয়েছে। এবার ত্রিকোণ প্রেমের দুই প্রান্তে আছেন রাহুল অরুণোদয় ব্যানার্জি ও সিদ্ধার্থ সেন। আর মাঝে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে অভিনেত্রী শ্বেতা মিশ্রকে।