'কম্পাস' ধারাবাহিকটি টিআরপি তালিকার সেরা ১০ -এ না থাকলেও, এর গল্প দর্শকদের মন কেড়েছে। বিশেষ করে সায়েন্স ফিকশন ভিত্তিক গল্প মূল আকর্ষণের কারণ। যদিও মাঝে মধ্যে কটাক্ষের মুখে পড়তে হয়, কিন্তু তাই বলে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি বিন্দুমাত্র। এবার গল্পে আসছে নতুন টুইস্ট। 

এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে 'কম্পাস' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হল, সেখানেই দেখা যাচ্ছে জনপ্রিয় বিজ্ঞানী ডিক যে আসলে কম্পাসের বাবা সেটা নায়িকা জেনে গিয়েছে। সত্য জানার পরেও জন্মদাতা বাবার অপকীর্তি জেনে চুপ করে থাকেনি সে। বরং তার পর্দা ফাঁস করে দেয় সকলের সামনে। একই সঙ্গে জানায়, জন্ম দিলে বাবা মা হওয়া যায় না। সে ছোট থেকে যাদের মা বাব বলে চিনে এসেছে, তাদেরই বাবা মা মানে। কিন্তু এই কথায় ক্ষেপে যায় বিজ্ঞানী ডিক। জানায় এর প্রতিশোধ সে নেবে। 

অন্যদিকে দেখা যায় বিহানের বাগদানের আয়োজন চলছে। তার শাশুড়ি তাকে ফোন করার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। কারণ কিডন্যাপ করা হয় নায়িকাকে। এদিকে বিহান অপেক্ষা করে বসে আছে কম্পাস এসে এই বাগদান আটকাবে। কিন্তু শেষ পর্যন্ত কি সত্যি কম্পাস আসতে পারবে? নাকি তার আর বিহানের জীবন দুই খাতে বয়ে যাবে? কী ঘটবে? 

https://www.instagram.com/reels/DV0J3WEFD9o/

এদিন এই প্রোমো প্রকাশ্যে আসতেই খুশি 'কম্পাস' ধারাবাহিকের অনুরাগীরা। এক ব্যক্তি লেখেন, 'অবশেষে বিহান কম্পাসের প্রেমে পড়ল।' আরও একজন লেখেন, 'আগুন প্রোমো। কিন্তু ভয় লাগছে এবার কী হবে সেটা ভেবে।' 

প্রসঙ্গত 'কম্পাস' ধারাবাহিকের এই জমজমাট পর্ব আগামী ১৪ মার্চ শনিবার সম্প্রচারিত হবে। এদিন এক ঘণ্টার মহাপর্ব দেখানো হবে বিকেল ৫ টা থেকে ৬ টা।

প্রসঙ্গত, বিহান এতদিন কম্পাসকে ভালবাসলেও বোঝেনি, নায়িকা তার জন্য কিছু করলে কথা শুনিয়েছে। এই যেমন ভালবাসার সপ্তাহে কম্পাস তাকে ফুল দিলে বিহান কিছু না জেনে বুঝেই কম্পাসের উপর চিৎকার করতে থাকে। বলে এই ফুলগুলো নাকি কম্পাসকে অন্য কেউ দিয়েছে। আর সেই ফুল নায়িকা আবার তাকে দিয়ে অবস্থা ম্যানেজ করার চেষ্টা করছে। একই সঙ্গে বলে, কম্পাস কি ভেবেছিলে বিহান ধরতে পারবে না, আদতে এই ফুলগুলো তাকে তার বন্ধু দিয়েছে। আর বন্ধুর দেওয়া ফুল বরকে দিলে সে খুশি হবে? ছুঁড়ে ফেলে দেয় বিহান সেই উপহার।