বলিউডে যখন ‘ও’ রোমিও’-র মুক্তির প্রস্তুতিতে ব্যস্ত শাহিদ কাপুর, ঠিক তখনই অতীতের এক চমকে দেওয়া ‘যদি-হতো’ মুহূর্ত ফাঁস করে দিলেন অভিনেতা নিজেই। পরিচালক বিশাল ভরদ্বাজের আসন্ন ছবিতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বাঁধলেও, অনুরাগীদের কৌতূহল ছিল অন্য জায়গায়‘কবীর সিং’ কি একদিন ‘অ্যানিমাল’-এর জগতে পা রাখতে পারত?
উত্তরটা শুনে অনেকেই চমকে যাবেন। কারণ সেই ভাবনাটা নিছক ফ্যান থিওরি ছিল না। সত্যিই এক সময় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার মাথায় ঘুরপাক খেয়েছিল এমনই একটি পরিকল্পনা।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শাহিদ জানান, ‘অ্যানিমাল’ তৈরির সময় সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর সঙ্গে দেখা করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই। রণবীর কাপুরের সেই ছবিতে ‘কবীর সিং’-এর একটি ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ দৃশ্য রাখা! শাহিদের কথায়,“যখন ‘অ্যানিমাল’ তৈরি হচ্ছিল, তখন সন্দীপ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি চেয়েছিলেন ‘কবীর সিং’-এর একটি দৃশ্য ছবিতে থাকুক। ভাবনাটা ওঁর মাথায় ছিল। কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। কখনও ডেটের সমস্যা, কখনও অন্য কিছু...সব মিলিয়ে শেষ পর্যন্ত আর করা যায়নি।”
অর্থাৎ, বলিউডের দুই সবচেয়ে বিতর্কিত চরিত্র একই ফ্রেমে আসতে এসেও শেষ মুহূর্তে আটকে গেল বাস্তবের জটিলতায়।
তবে ভবিষ্যতে কি সেই ক্রসওভার সম্ভব? সেই প্রশ্নের জবাবে শাহিদ বললেন একেবারে স্পষ্ট কথা। তাঁর মতে, ‘কবীর সিং’ আর ‘অ্যানিমাল’-এর চরিত্র -দুটোই সন্দীপ রেড্ডি ভাঙ্গার সৃষ্টি। সিদ্ধান্তও একান্তই তাঁর। “ওই দুটো চরিত্রই ওঁর, ওঁর তৈরি দুনিয়া। উনি যেটা করতে চাইবেন, সেটাই করবেন,” মন্তব্য শাহিদের।
উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের ‘কবীর সিং’ বক্স অফিসে রেকর্ড সাফল্য পেলেও ছবিটি নিয়ে বিতর্কের শেষ ছিল না। নারীবিদ্বেষ ও টক্সিক ম্যাসকুলিনিটিকে পিঠ চাপড়িয়ে এগিয়ে দেওয়ার করার অভিযোগ উঠেছিল বারবার। অন্যদিকে, ২০২৩ সালের ‘অ্যানিমাল’ও একইভাবে তুমুল ব্যবসা করলেও সমালোচনার মুখে পড়েছিল তার অতিরিক্ত রক্ত, খুনখারাপি এবং হিংস্র চরিত্র তৈরির জন্য।
&t=313s
এই আবহেই প্রশ্ন উঠছে, যদি সত্যিই একদিন ‘কবীর সিং’ ঢুকে পড়ে ‘অ্যানিমাল পার্ক’-এ, তাহলে কি বলিউড পাবে তার সবচেয়ে বিতর্কিত ক্রসওভার? উত্তরটা আপাতত ভবিষ্যতের গর্ভেই। তবে এতটুকু নিশ্চিত, এই না-হওয়া দৃশ্যের গল্পটাই ইতিমধ্যেই আগুন ধরিয়েছে অনুরাগী মহলে।
