‘কৃষ ৪’। এই নামটা শুনলেই হৃতিক রোশনের সুপারহিরো অবতারের ছবি চোখে ভাসে দর্শকের। কিন্তু বহু প্রতীক্ষিত এই ছবির জন্য অপেক্ষা এবার আরও দীর্ঘ হতে চলেছে। কারণ, এবার সমস্যা হৃতিকের পোশাক অথবা ভিলেন নয়, একেবারে ঠান্ডা অঙ্কের হিসেব।
ট্রেড ওয়েবসাইট স্যাকনিল্ক -এর খবর অনুযায়ী, হৃতিক রোশন ও যশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার মধ্যে বাজেট সংক্রান্ত আলোচনা আপাতত থমকে গিয়েছে, যার জেরে ‘কৃষ ৪’–এর প্রযোজনা কার্যত স্থগিত। আগে ২০২৬ সালে এ ছবির শুটিং শুরুর কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সেই সময়সীমা আর বাস্তবসম্মত নয় বলেই মনে করছে ইন্ডাস্ট্রি।
জানা গিয়েছে, ‘কৃষ ৪’ ছবির মূল জটিলতা তার বিশাল স্কেল ও বিপুল খরচ। ক্রিস ফ্র্যাঞ্চাইজির এই কিস্তির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করতে চলেছেন হৃতিক রোশন নিজেই। আর তাঁর প্রথম পরিচালনাতেই তিনি চাইছেন একেবারে গ্র্যান্ড ক্যানভাস। সূত্রের দাবি,হৃতিক রোশন নাকি ‘কৃষ ৪’-কে প্রায় ৫০০ কোটি টাকার বাজেটের এক মেগা সুপারহিরো প্রজেক্ট হিসেবে ভাবছেন!
কিন্তু সেখানেই আপত্তি আদিত্য চোপড়ার। শোনা যাচ্ছে, যশ রাজ ফিল্মসের বিভিন্ন প্রজেক্টের বাজেট নতুন করে খতিয়ে দেখছেন তিনি। সেই কারণেই ‘কৃষ ৪’-এর জন্য টেনেটুনে ৩৫০ কোটি টাকার কাছাকাছি বাজেট প্রস্তাব করেছেন আদিত্য। বাণিজ্যিক দিক থেকে ছবিটিকে টেকসই রাখতে খরচের এই সীমা জরুরি বলেই মনে করছেন তিনি। কিন্তু এই যুক্তি মানতে নাকি একেবারেই নারাজ হৃতিক।
তাই তো আদিত্য চোপড়া এবং হৃতিকের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও, এই বাজেট নিয়ে দু'পক্ষের মধ্যে এখনও কোনও সমঝোতা হয়নি। ফলস্বরূপ, হৃতিক-যশ রাজের এই সম্ভাব্য জুটি আপাতত থমকে গিয়েছে আর ‘কৃষ ৪’ চলে গিয়েছে পিছনের সারিতে।

এই পরিস্থিতিতে ছবির শুটিং এ বছর শুরু হওয়ার সম্ভাবনাও কার্যত নেই। নতুন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি আরও ফিসফাস, হৃতিক রোশন বর্তমানে নাকি ছবির চিত্রনাট্য ফের একবার নতুন করে খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, তাঁর ভাবনায় থাকা বিশাল স্কেলে ছবি বানাতে আগ্রহী অন্যান্য বড় স্টুডিওগুলির সঙ্গেও কথাবার্তা চালাচ্ছেন তিনি।
অন্যদিকে, অভিনয়ের দিক থেকেও থেমে থাকতে নারাজ হৃতিক। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই তিনি একাধিক চিত্রনাট্য শুনেছেন এবং খুব শিগগিরই নিজের পরবর্তী ছবিটি লক করতে পারেন। সেই ঘোষণা আসবে শীঘ্রই। উল্লেখ্য, তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়ার ২’ বক্স অফিসে প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি।
&t=313s
সব মিলিয়ে তাই প্রশ্ন একটাই, বাজেটের অঙ্কে আটকে কি তবে দেরি হচ্ছে ভারতের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরোর কামব্যাক? উত্তর দেবে সময়ই।
