কেউ আনন্দে কেঁদে ফেলেছেন। কেউ দারুণ খুশি হয়ে সবাইকে চিকেন রোল আর মিষ্টি খাইয়েছেন! দেখতে দেখতে যিশু-নীলাঞ্জনা সেনগুপ্তর ‘হরগৌরী পাইস হোটেল’ ৪০০ পর্ব ছুঁয়ে ফেলল। উদযাপন তো হবেই। রীতি মেনে কেক কাটা ছিলই। আর ছিল সপরিবার অনুরাগীদের সঙ্গে জমাটি আড্ডা। এদিন স্টার জলসার ফেসবুক পেজ থেকে সবাই একজোট লাইভ চ্যাটে। সেখানেই ফাঁস, আরও নতুন নতুন পদ নাকি আসছে হোটেলে। ফুড ডেলিভারি অ্যাপেও মিলবে পরিষেবা!



একটি হোটেলকে ঘিরে মধ্যবিত্ত পরিবারের গল্প। অনেকটাই যেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’-এর গন্ধমাখা। সেখানে শঙ্কর-ঐশানির যৌথ পরিবার। শিক্ষিত মেয়ে হয়েও সে প্রেমে পড়ে যায় এই পরিবারের। শঙ্করের হাতের রান্নার, তার হোটেলের। বিয়ের পরের প্রেম যে কত মধুর, দেখিয়েছে এই ধারাবাহিক। তাই চট করে দর্শকদের মন জয় করে নিয়েছে। শুরু থেকে আজও রেটিং চার্টে প্রথম দশে জায়গা করে নেয় ধারাবাহিক। সবটাই হয়েছে দর্শকদের ভালবাসা, বিশেষ দিনে আরও একবার উপলব্ধি ধারাবাহিকের নায়ক রাহুল মজুমদার, নায়িকা শুভস্মিতা মুখোপাধ্যায়, ঐশানির শাশুড়ি মা মিঠু চক্রবর্তী-সহ সমস্ত অভিনেতা, কলাকুশলী। তাই ধারাবাহিক যাতে ১০০০ পর্ব ছুঁতে পারে সেই অনুরোধ জানিয়েছেন তাঁরা।